>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

পাঁচ বছর ধরে সংস্কার না হওয়ায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের ৩০ কিলোমিটারের মধ্যে ২০ কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে কিছু দূর পরপর ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। বাসসহ বিভিন্ন যানবাহন চলাচলে সময় লাগছে দ্বিগুণ। পথের মধ্যে প্রায় যানবাহন বিকল হয়ে পড়ে। দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জেলা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আশাশুনি থেকে জেলা সদরে যাতায়াতের এটি প্রধান সড়ক। ৩০ কিলোমিটারের মধ্যে সদর উপজেলায় ৬ কিলোমিটার ও আশাশুনি উপজেলায় ২৪ কিলোমিটার রয়েছে। আশাশুনির ১১টি ইউনিয়নসহ সদর উপজেলার চারটি ও তালার একটি ইউনিয়ন এবং খুলনার পাইকগাছার লোকজনও এ সড়ক ব্যবহার করে। দীর্ঘদিন সড়কটি সংস্কার না হওয়ায় এ অঞ্চলের মানুষ দুর্ভোগে পড়েছে। বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করতে হয়। আবার শীত মৌসুমে ও শুষ্ক আবহাওয়ায় ধুলোবালিতে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সড়কের আলিয়া মাদ্রাসার মোড়, যতীন মালিক মোড়, ধুলিহর সাহেববাড়ির মোড়, ঘোলঘোলে, ধুলিহর বাজার, চাঁদপুর, বুধহাটা বাজার ও নোয়াপাড়া এলাকায় খানাখন্দে ভরা। আবার কোথাও কোথাও পিচ উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় গর্তগুলোয় ইটের খোয়া ফেলা হয়েছে। এর ওপর দিয়ে গাড়ি চলাচলের ফলে এসব খোয়া রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে।
সাতক্ষীরা-আশাশুনি সড়কে অর্ধশতাধিক বাস চলাচল করে। বাসচালক ফজর আলী বলেন, গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই বাসের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় গাড়ি নষ্ট হয়ে মাঝপথে পড়ে থাকে। এসব কারণে যাত্রীদের সঙ্গে বচসা হয়। ৩০ কিলোমিটার সড়ক পার হতে সময় লাগে দেড় ঘণ্টার মতো। অথচ রাস্তা ভালো থাকা অবস্থায় এর অর্ধেক সময় লাগত। আশাশুনির কচুয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান বলেন, অনেক শিক্ষার্থী সাইকেলে করে বিদ্যালয়ে আসে। যানবাহনকে পাশ কাটাতে গিয়ে তারা প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়। অভিভাবকেরা সব সময় আতঙ্কে থাকেন।
সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মঞ্জুরুল করিম বলেন, সড়কটির অধিকাংশ স্থান মেরামত করা প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়া যাচ্ছে না। আলিয়া মাদ্রাসার মোড়ে এক কিলোমিটার ও যতীন মালির মোড় এলাকার আড়াই কিলোমিটার স্থান মেরামতে ৫০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই কাজ শুরু হবে। বাকি অংশ মেরামতে বরাদ্দ পাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।