২০ কিলোমিটার খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-পাইকগাছা প্রধান সড়কের আঠারো মাইল থেকে কপিলমুনির সলুয়া পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা ও কাদাপানিতে সয়লাব থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।এলাকাবাসী ও বাসমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন সড়কটি মেরামত না করায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বাস-মিনিবাস মালিক সমিতি ঈদের আগে ৭ থেকে ১৪ আগস্ট পর্যন্ত এই সড়কে বাস চলাচল বন্ধ রাখে। পরে ঈদের কারণে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, আঠারো মাইল থেকে কপিলমুনির সলুয়া পর্যন্ত সড়কটি ছোট-বড় অসংখ্য গর্তে ভরা। সড়কের কোথাও পিচ নেই। বড় গর্তগুলোতে আস্ত ইট ফেলে রাখা হয়েছে। কাদা আর আস্ত ইটের কারণে যানবাহনগুলো চলতে গিয়ে বারবার হোঁচট খায়।খুলনা-পাইকগাছা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে এ সড়কের কোথাও পাঁচ হাত রাস্তা ভালো নেই। এ অবস্থায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে এবং গাড়ির টায়ারসহ ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে সড়ক মেরামত করা না হলে আবার যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে।’ খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, ‘ইতিমধ্যে সড়কটির সংস্কারকাজের জন্য তিনজন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে সংস্কারকাজ শুরু হবে।’