২০ কিলোমিটার ধাওয়া করে...
ফেনীর ১৯ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা গতকাল শনিবার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজমপুর বাজার থেকে প্রায় ১৯০ ঘনফুট গামারি কাঠসহ একটি ট্রাক আটক করেছে। কাঠ পাচারে জড়িত ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বিডিআর ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন মুহুরীগঞ্জ ব্রিজ এলাকা থেকে ধাওয়া করে প্রায় ২০ কিলোমিটার দূরে ট্রাকটি আটক করে।বিডিআর সূত্র জানায়, তারা খবর পায় খাগড়াছড়ি এলাকা থেকে বেশ কিছু গামারি কাঠ অবৈধভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পাচার হবে। এর ভিত্তিতে তাদের একটি বিশেষ দল গতকাল সকাল থেকে মহাসড়কের শুভপুর মুহুরীগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। বেলা ১১টার দিকে কাঠবোঝাই ট্রাকটি দেখে সন্দেহ করে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকচালক বিডিআরের সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে প্রায় ২০ কিলোমিটার দূরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমপুর বাজার এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় বিডিআর ট্রাকটি আটক করে। স্থানীয় লোকজন ট্রাকচালক আলমকে (৩৫) ধরলেও অন্যরা পালিয়ে যায়।সূত্র জানায়, ট্রাকটি পালানোর সময় মিরসরাই এলাকার বিভিন্ন স্থানে একটি ভ্যানগাড়ি ও তিনটি ট্যাক্সিকে চাপা দেয়।১৯ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরিফ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ট্রাক, কাঠ ও চালককে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়েছে।