ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে গুলিস্তান পর্যন্ত দূরত্ব কমাতে ২০০৫ সালে নির্মিত হয়েছিল নবাবগঞ্জ-ঢাকা বাইপাস সড়ক। এরপর সড়কটি সংস্কার না করায় ২০ কিলোমিটারের পুরোটাই এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
উপজেলার শোল্লা ও কৈলাইল ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দাকে এখন ২৫ কিলোমিটার ঘুরে নবাবগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে রাজধানীতে যেতে হয়।
সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালে নবাবগঞ্জ উপজেলা সদরের যন্ত্রাইল সেতু থেকে শোল্লা হয়ে কৈলাইলের তুলসীখালীর দৌলতপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়। রাস্তাটি নির্মাণের পর শোল্লা ও কৈলাইল ইউনিয়নের লোকজন সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জের রুহিতপুর হয়ে রাজধানীর গুলিস্তান পর্যন্ত যেতে পারতেন। কিন্তু এরপর সংস্কার না করায় রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবু জীবন ও যানবাহন নষ্ট হওয়ার ঝুঁকি নিয়েই রিকশা, মোটরসাইকেল, ইজিবাইক, গতিপরিবহন, সিএনজিচালিত অটোরিকশা প্রতিদিন শত শত যাত্রী নিয়ে চলাচল করে।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির শোল্লার সিংজোর, কৈলাইলের মেলেং, মেলেং বাজার, কবরস্থান, খালপাড়সহ কোনো কোনো স্থানে দু-তিন ফুট পর্যন্ত রাস্তার মধ্যে ধসে গেছে। শতাধিক স্থানে পিচ ও কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ওই গর্তে জমে আছে বৃষ্টির পানি। রাস্তার দুই পাশে নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ওই পানি জমে থাকে দীর্ঘদিন। এ কারণে কোনো যানবাহন চললে পানি জমে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়।
কৈলাইলের বাসিন্দা আশরাফুজ্জামান জানান, রাজধানী থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে হলেও কৈলাইলের মানুষের জীবন আজ অন্ধকারে। ভালো রাস্তার অভাবে ঢাকায় যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা।
সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল কাদের মিয়া বলেন, ‘গাড়ি নিয়ে যেতে ইচ্ছা হয় না। ছেলেমেয়েদের দুমুঠো ভাতের কথা চিন্তা করে গাড়ি চালাতে হয়। বেশির ভাগ সময়ই গর্তের ঝাঁকুনিতে গাড়ির নাট-বল্টু খুলে অকেজো হয়ে পড়ে।’
পথচারী রমজান আলী বলেন, ‘কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসের। এমপি-মন্ত্রীরা যদি এই রাস্তা দিয়ে চলাচল করতেন তাহলে রাস্তার এমন ভয়াবহ অবস্থা থাকত না। আমরা সাধারণ জনগণ একটা ভোটের মালিক, তাই আমাদের দুর্ভোগে তাঁদের কিছু যায়-আসে না।’
যোগাযোগ করা হলে কৈলাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তার হোসেন জানান, দুই বছর ধরে সড়ক সংস্কারের কাজ করবে বলে সংশ্লিষ্ট দপ্তরগুলো টালবাহানা করছে।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ের প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রথম পর্যায়ে পাড়াগ্রাম পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। কাজ শুরুর প্রক্রিয়া চলছে। আর মাশাইল থেকে তুলসীখালী পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের কালীগঙ্গা নদীর তীরে মালিকান্দায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজ শেষ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।