২০ কেজি চালের জন্য মুক্তিযোদ্ধাদের বিড়ম্বনা
রংপুরে ঈদের আগে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের খয়রাতি চাল পেতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। মাত্র ২০ কেজি চালের জন্য তাঁরা জেলা প্রশাসনের দপ্তরে ঘুরছেন। মুক্তিযোদ্ধাদের পৃথক দুটি তালিকা জমা হওয়ায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা যায়, খয়রাতি চাল পেতে গতকাল রোববার দুপুর ১২টার দিকে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা চালের জন্য জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দপ্তরে ধরনা দেন। তাঁদের একজন রংপুর নগরের উত্তম এলাকার শহিদার রহমান বলেন, ‘গেল রোজার ঈদের সময় এই চাল পাইতে তেমন বেগ পাওয়া লাগে নাই। কয়েক দিন থাকি এবার খালি ঘুরতোছি। কিন্তু খালি আশ্বাস দেওয়া হইতোছে।’ জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্রে জানা গেছে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে জেলার এক হাজার ১১৩ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার তালিকা গত ১৭ সেপ্টেম্বর প্রদান করা হয়েছে। এতে জেলার পুরো অসচ্ছল মুক্তিযোদ্ধাদের তালিকা রয়েছে। গত রোজার ঈদের সময় এ ধরনের একটি তালিকা পেয়ে ২০ কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু এবার কোরবানি ঈদে এসে জেলা কমান্ড কাউন্সিলের তালিকা ছাড়াও মুক্তিযোদ্ধা মহানগর কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে গত ১৪ সেপ্টেম্বর ২১০ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার আরও একটি পৃথক তালিকা জমা করা হয়েছে। তাঁরাও আলাদা ২০ কেজি করে খয়রাতি চাল বরাদ্দের দাবি করে আবেদন করেছেন। এর ফলে দেখা দিয়েছে বিপত্তি। এ নিয়ে মুক্তিযোদ্ধা উভয় পক্ষের সঙ্গে জেলা প্রশাসন কর্তৃপক্ষের বৈঠকও হয়। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এখনো তাদের চাল বরাদ্দ দেওয়া হয়নি। মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নিজেকে কমান্ডার দাবি করে মঞ্জুরুল ইসলাম বলেন, যেহেতু রংপুর সদর উপজেলা এখন মহানগর হয়েছে। এ কারণে মহানগরের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের একটি পৃথক তালিকা দেওয়া হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোছাদ্দেক হোসেন বলেন, মহানগরের জন্য কোনো পৃথক কমিটি নেই। কেউ যদি এ ধরনের কমিটি জমা করে থাকেন তা হলে এটি হবে নাম সর্বস্ব কমিটি। এ কারণে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের চাল পেতে বিড়ম্বনা দেখা দিয়েছে। তিনি দাবি করে আরও বলেন, জেলার তালিকার মধ্যে সব অসচ্ছল মুক্তিযোদ্ধাদের তালিকা রয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুস সালাম প্রথম আলোকে বলেন, দুটি তালিকা জমা হওয়ায় এই বিড়ম্বনা। এই খয়রাতি চাল বরাদ্দ দিতে সাড়ে ২২ মেট্রিক টন চালের প্রয়োজন। চেষ্টা করা হচ্ছে এ বিষয়টির সুরাহা করে তাঁদের মধ্যে চাল বিতরণ করার। তবে কবে নাগাদ দেওয়া সম্ভব হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।