২০ কেজি হলুদে ১৫ কেজি ভেজাল!
খাগড়াছড়ির দীঘিনালার বিভিন্ন বাজারে ভেজাল হলুদের গুঁড়া বিক্রি করা হচ্ছে। বাজারে দাম বেড়ে যাওয়ায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী হলুদের সঙ্গে খুদ (চালের ভাঙা অংশ), ডাল ও রং মিশিয়ে বিক্রি করছেন। গতকাল রোববার একটি হলুদ ভাঙানোর কারখানা থেকে ২০ কেজি ভেজাল হলুদের গুঁড়া জব্দ করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘিনালার বাজারগুলোতে প্রতি মণ শুকনো হলুদ ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে হলুদ গুঁড়া তৈরির কারখানার মালিকেরা ভেজাল মিশিয়ে হলুদ বিক্রি করছেন। বাজারে প্রতি কেজি গুঁড়া হলুদের দাম ১৬০ টাকা।গতকাল উপজেলার বোয়ালখালী নতুন বাজারের পাশে মো. শাহজাহানের হলুদের কারখানা থেকে ওই বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম ২০ কেজি ভেজাল হলুদ জব্দ করেন। পাঁচ কেজি ভালো হলুদের সঙ্গে ১৫ কেজি ভেজাল দ্রব্য মিশিয়ে এই হলুদ তৈরি করা হয়েছিল। এ সময় মো. শাহজাহানকে তিনি বাজার কমিটির কার্যালয়ে নিয়ে আসেন। পরে তিনি (মো. জসিম) মুচলেকা নিয়ে কারখানার মালিক শাহজাহানকে ছেড়ে দেন।