২০ কেন্দ্রের ১০টিতেই ভোট গ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা নির্বাচনে ২০টি কেন্দ্রের মধ্যে ১০টিরই ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রে হামলা-দখল, ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারা, ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনায় এসব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণ স্থগিত করেন। হামলা-ভাঙচুর ও কেন্দ্র দখলের চেষ্টার সময় সংঘর্ষে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
চৌমুহনী পৌরসভায় মোট ভোটার ৪৪ হাজার ৮৫১ জন। ভোট গ্রহণ স্থগিত করা ১০ কেন্দ্রের ভোটার ২২ হাজার ৮৯ জন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা একটার দিকে পৌরসভার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখলের চেষ্টা চালান এক কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকেরা। তাঁরা ব্যালট ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিতে গেলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আহম্মদ আলীর (৪৫) মাথা ফেটে যায়। তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষে আহত ইমাম হোসেন (১৮), সাদ্দাম হোসেন (২৪), মো. রাজু (২৩), মো. রাশেদ (২৫) ও নূর আলমকে (৩০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল নয়টার দিকে উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর নাজিরপুর নূরানী মাদ্রাসা কেন্দ্র দখল নিয়ে প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা।
সংঘর্ষের কারণে বিকেল নাগাদ আরও আটটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলো হলো উত্তর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌমুহনী সরকারি এসএ কলেজ নতুন ভবন কেন্দ্র, একই কলেজের পুরাতন ভবন কেন্দ্র, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ও নারী ভোটারদের দুটি কেন্দ্র এবং দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
বিএনপির মেয়র পদপ্রার্থী জহির উদ্দিন ওরফে হারুন অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর লোকজন সকাল থেকেই একের পর এক কেন্দ্র দখল করতে থাকেন। এ সময় ভোটারদের প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কারণে কিছু কেন্দ্রে ভোট গ্রহণ সম্ভব হয়। তাঁর অভিযোগ, বিকেল চারটার সময় হাজীপুর নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ক্ষমতাসীন দলের কর্মীরা গিয়ে মেয়র ছাড়া অন্য সব প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ব্যালট কেড়ে নিয়ে প্রকাশ্যে সিল মারেন।
তবে বিএনপি প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আক্তার হোসেন ওরফে ফয়সল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কোথাও তাঁর কোনো কর্মী-সমর্থক কেন্দ্র দখল করেনি। ভোটকেন্দ্রে কোনো ধরনের সংঘাত-সহিংসতা কিংবা হতাহতের ঘটনা না ঘটলেও কর্তৃপক্ষ ১০ কেন্দ্রের ভোট স্থগিত করেছে।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১০টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা। বাকি ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।