২০ কোম্পানির ওষুধ ১৪টির অ্যান্টিবায়োটিক প্রত্যাহারের নির্দেশ
মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০টি কোম্পানির সব ওষুধ এবং ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক সরবরাহ, বিক্রি বন্ধ ও বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
আবেদনটি করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে তিনি প্রথম আলোকে বলেন, আদালতের আদেশের পরও ওই ৩৪ কোম্পানির ওষুধ বাজারে বিক্রি হচ্ছে বলে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। পরে এ বিষয়ে গত ৩১ জুলাই একটি সম্পূরক আবেদন করা হয় আদালতে। ওই আবেদনের শুনানি শেষে আদালত ২০টি কোম্পানির সব ওষুধ বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাজার থেকে এগুলোর সব ওষুধ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। আর ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ ও বাজার থেকে প্রত্যাহার করতে বলেছেন হাইকোর্ট।
এর আগে ৭ জুন মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০টি কোম্পানিকে সাত দিনের মধ্যে সব ধরনের ওষুধ ও ১৪টি কোম্পানিকে অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালকসহ চারজনকে এ নির্দেশনা বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। একই সঙ্গে ওই ৩৪টি কোম্পানির ওষুধ ও অ্যান্টিবায়োটিক উৎপাদনের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক, ওষুধ শিল্প সমিতির সেক্রেটারি জেনারেলসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
যে ২০টি কোম্পানিকে সব ধরনের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয় সেগুলো হলো এক্সিম ফার্মাসিউটিক্যালস, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মাসিউটিক্যালস, ডলফিন ফার্মাসিউটিক্যালস, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ (প্রাইভেট) লিমিটেড, জলফা ল্যাবরেটরিজ, কাফমা ফার্মাসিউটিক্যালস, মেডিকো ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ড্রাগ ফার্মা, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যালস, রেমো কেমিক্যালস (ফার্মা ডিভিশন), রিড ফার্মাসিউটিক্যালস, স্কাইল্যাব ফার্মাসিউটিক্যালস, স্পার্ক ফার্মাসিউটিক্যালস, স্টার ফার্মাসিউটিক্যালস, সুনিপুণ ফার্মাসিউটিক্যালস, টুডে ফার্মাসিউটিক্যালস, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যালস ও ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালস।
যে ১৪টি কোম্পানিকে অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয় সেগুলো হলো আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যাল, আলকাদ ল্যাবরেটরিজ, বেলসেন ফার্মাসিউটিক্যালস, বেঙ্গল ড্রাগস অ্যান্ড কেমিক্যালস (ফার্মা), ব্রিস্টল ফার্মা, ক্রিস্টাল ফার্মাসিউটিক্যালস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, মিল্লাত ফার্মাসিউটিক্যালস, এমএসটি ফার্মা অ্যান্ড হেলথকেয়ার (সাবেক সিনথো ল্যাবরেটরিজ), অরবিট ফার্মাসিউটিক্যালস, ফার্মিক ল্যাবরেটরিজ, ফিনিক্স কেমিক্যাল ল্যাবরেটরি, রাসা ফার্মাসিউটিক্যালস ও সেভ ফার্মাসিউটিক্যালস।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চারটি কোম্পানি আপিল বিভাগে আবেদন করলেও ওই আদেশ বহাল থাকে।
এ ব্যাপারে জানতে চাইলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, হাইকোর্টের লিখিত নির্দেশনা পাওয়ার পর অধিদপ্তর ব্যবস্থা নেবে। কী ব্যবস্থা জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি কোম্পানিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের ওষুধ প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হবে। তারপর অধিদপ্তর নিজস্ব ব্যবস্থাপনায় সারা দেশের বাজারে তল্লাশি চালাবে।
২০০৯ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ওষুধ শিল্পের পরিস্থিতি জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ব ম ফারুককে প্রধান করে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে। এই কমিটি ২৪২টি ওষুধ কোম্পানি পরিদর্শন করে। ২০১১ সালে কমিটি প্রথম প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে বেশ কিছু কোম্পানিকে সতর্ক করা হয়। পরিস্থিতি পর্যালোচনা করে ২০১৩ সালে আরেকটি প্রতিবেদন দেওয়া হয়। এই পর্যায়ে মানসম্পন্ন ওষুধ তৈরিতে ব্যর্থ এমন ৮৪টি প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়। কারখানা পরিদর্শনের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস) নীতিমালাকে মানদণ্ড ধরা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতি দেখে কমিটি এ বছরের ১ ফেব্রুয়ারি সংসদীয় কমিটিকে প্রতিবেদন দেয়।
বিশেষজ্ঞ কমিটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ-ছয় বছরে কিছু কোম্পানি কারখানার সন্তোষজনক উন্নতি ঘটিয়েছে। কারও উন্নতি মাঝারি গোছের। অনেকে উন্নতি করার নামে শুধু সময়ক্ষেপণ করেছে। কারও কারও কারখানায় কোনো উন্নয়নই হয়নি, বরং আগের চেয়ে মানের অবনতি ঘটেছে। এদের ওষুধ তৈরি করতে দেওয়া জনস্বাস্থ্যের জন্য হুমকি।
২০টি কোম্পানির ওষুধ উৎপাদনের নিবন্ধন বাতিল করার সুপারিশ করে বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে বলা হয়, উপর্যুপরি পরিদর্শনের পরও কোম্পানিগুলো জিএমপি নীতিমালা মেনে মানসম্পন্ন ওষুধ তৈরি করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আর ১৪টি কোম্পানি মানসম্পন্ন অ্যান্টিবায়োটিক উৎপাদনে সক্ষম নয়।