সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের প্রায় ২০ কোটি টাকার কাজ সমঝোতার মাধ্যমে ভাগাভাগি করে নিতে সোমবার রাতভর চেষ্টা করেন ঠিকাদারেরা। এ জন্য শহরের একটি কমিউনিটি সেন্টারে তাঁরা সারা রাত বৈঠক করেন। গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সেই বৈঠক চলে। তবে ঠিকাদারেরা সফল হতে পারেননি। পরে সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেছেন, ‘বিষয়টি আমি শুনেছি। সমঝোতার জন্য আমার ওপর কোনো চাপ ছিল না। তার পরও বলব, কাজ ভাগাভাগির সমঝোতা না হওয়ায় আমি রক্ষা পেয়েছি।’সুনামগঞ্জ পাউবো সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ৩৯টি হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। ৫৫টি গ্রুপের প্রায় ২০ কোটি টাকার এই কাজের শিডিউল কেনার শেষ দিন ছিল গত সোমবার আর দরপত্র জমাদানের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। ৮০টি ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল কেনে। কিন্তু এই কাজ সমঝোতার মাধ্যমে ভাগাভাগি করে নিতে সোমবার বিকেল থেকে ঠিকাদারেরা দৌড়ঝাঁপ শুরু করেন। তাঁরা সন্ধ্যার পর শহরের একটি কমিউনিটি সেন্টারে সমঝোতা বৈঠক শুরু করেন। বৈঠকে সুনামগঞ্জ ছাড়াও সিলেট ও অন্যান্য অঞ্চলের ঠিকাদারেরা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা যায়, একপর্যায়ে সমঝোতা প্রায় হয়ে গিয়েছিল। কিন্তু কে কয়টা কাজ নেবেন এ নিয়ে বিরোধ দেখা দিলে পুরো বৈঠকটি ভণ্ডল হয়ে যায়। বৈঠকে থাকা এক ঠিকাদার বলেন, ‘অন্যদের দরপত্র জমাদানে বিঘ্ন সৃষ্টি করতেই একটি পক্ষ রাতভর এই সমঝোতার নাটক করেছে।’ সমঝোতা না হওয়ার পর সকালে সৃষ্টি এন্টারপ্রাইজ ও রামিসা এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা রাতে সমঝোতা বৈঠক থেকে ফেরার পথে তাঁদের দরপত্র ছিনতাই হয়েছে বলে লিখিতভাবে পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ করেছেন।সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘বাইরে কী হয়েছে সেটি আমাদের দেখার বিষয় নয়। তবে একটি পক্ষ সমঝোতার জন্য মরিয়া ছিল। মঙ্গলবার দরপত্র জমাদানের পুরো বিষয়টি সুনামগঞ্জের পুলিশ সুপার তত্ত্বাবধান করেছেন। কোনো সমস্যা হয়নি।’ দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র ছিনতাইয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা উদ্দেশ্যপ্রণোদিত।’