চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ২০ কোটি টাকার কাজের পুনঃ দরপত্র নিয়ে লুকোচুরি চলছে। গতকাল রোববার প্রকল্পের তিন কোটি টাকার কাজের পুনঃ দরপত্র দেওয়া হয়েছে। কিন্তু অবশিষ্ট ১৭ কোটি টাকার কাজের ক্ষেত্রে ইতিপূর্বে জমা নেওয়া আবেদনপত্র বহাল রাখা হয়েছে। বহদ্দারহাট মোড় থেকে কালুরঘাট পর্যন্ত সোয়া ছয় কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারের জন্য এই অর্থ ব্যয় হচ্ছে। চউক সূত্র জানায়, গত বুধবার দরপত্র জমা দেওয়ার শেষ দিনে অনেক ঠিকাদার আবেদনপত্র কিনতে না পেরে বিক্ষোভ করেন। পরদিন এ খবর সংবাদপত্রে প্রকাশিত হলে চউকের চেয়ারম্যান পুরো কাজের পুনঃ দরপত্রের নির্দেশ দেন। কিন্তু প্রকল্প পরিচালক তিন কোটি টাকার কাজের পুনঃ দরপত্রের ব্যবস্থা করেন। সংস্কারকাজের ধরন বিশ্লেষণ করে দেখা যায়, পুরো সড়কটি উঁচু করা থেকে কার্পেটিং করা পর্যন্ত বিভিন্ন স্তরে ১৭ কোটি টাকা খরচ করা হবে। অবশিষ্ট তিন কোটি টাকার ড্রেন নির্মাণ করা হবে। এই তিন কোটি টাকার কাজ নয়টি লটে ভাগ করে দেওয়া হয়েছে। তবে ১৭ কোটি টাকার কাজটি দেওয়া হয়েছে একটি প্রতিষ্ঠানকে। জানা গেছে, ১৭ কোটি টাকার কাজের জন্য মাত্র চারটি আবেদনপত্র জমা পড়ে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি এবং একটি প্রতিষ্ঠান কম দরে আবেদনপত্র জমা দিয়েছে। ফলে এটি পুনঃ দরপত্র দিলে আরও কম দামে কাজটি পাওয়া যেত বলে একাধিক ঠিকাদার মনে করছেন। অভিযোগ রয়েছে, চউকের কিছু কর্মকর্তা একটি প্রতিষ্ঠানকে মূল কাজ পাইয়ে দিতে লোক দেখানো পুনঃ দরপত্রের ব্যবস্থা করছেন। এ নিয়ে ঠিকাদার ও কর্মচারীদের মধ্যেও ক্ষোভ রয়েছে। গতকাল চউকের কর্মচারীরা প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বিষয়টি তাঁকে অবহিত করেন। চউক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলোকে এ তথ্য দেন। প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘আমরা বড় কাজটি পুনঃ দরপত্র না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, সেখানে একটি প্রতিষ্ঠান প্রাক্কলিত বাজেটের চেয়ে কম দরে আবেদন করেছে। পরবর্তী সময়ে দরপত্র দিলে এর চেয়ে কম দর না-ও পাওয়া যেতে পারে।’ তবে গণখাতে ক্রয়বিধি (পিপিআর) অনুযায়ী, পুনঃ দরপত্রে কম দর পাওয়া না গেলে আগের কম দর দেওয়া প্রতিষ্ঠানকেই কাজ দেওয়া যায়। এ প্রসঙ্গে চউকের চেয়ারম্যান আব্দুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘দরপত্র নিয়ে কোনো ধরনের ছলচাতুরী করার সুযোগ নেই। আমরা তিন কোটি টাকার কাজগুলোতে ইতিমধ্যে পুনঃ দরপত্রের ব্যবস্থা করেছি। ১৭ কোটি টাকার কাজটি যাচাই-বাছাই করে দেখছি। যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই পুনঃ দরপত্রের ব্যবস্থা করব।’