২০ কোটি টাকার কাজের পুনঃ দরপত্র আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ কোটি টাকার উন্নয়ন কাজের পুনঃ দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। শিডিউল কিনতে না পেরে ঠিকাদারদের আপত্তি ও বিক্ষোভের মুখে চউক গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়।উল্লেখ্য, বহদ্দারহাট মোড় থেকে কালুরঘাট পর্যন্ত আরাকান সড়কের সোয়া ছয় কিলোমিটার অংশ সংস্কারে ১০ লটে ২০ কোটি টাকার কাজের জন্য দরপত্র আহ্বান করে চউক। গত বুধবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।গত বুধবার কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, কিছু ব্যক্তিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য সীমিতসংখ্যক শিডিউল বিক্রি করা হয়েছে। সেদিন তাঁরা এ নিয়ে বিক্ষোভ করেন। চউকের কর্মচারী ও সিবিএ নেতারাও তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা শিডিউল বিক্রির ব্যাপারে কিছু অভিযোগ পেয়েছি। এ জন্য কাজের স্বচ্ছতার স্বার্থে পুনঃ দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজই (বৃহস্পতিবার) দৈনিক পত্রিকায় এ-সংক্রান্ত বিজ্ঞাপন প্রচারের জন্য পাঠিয়ে দেওয়া হবে।’চউক সূত্র জানায়, গতকাল সকালে চউক ভবনের সামনে ঠিকাদার ও কর্মচারীরা ওই কাজের পুনঃ দরপত্র আহ্বানের দাবিতে মিছিল-সমাবেশ করেন। পরে কর্মচারীরা প্রকল্প পরিচালক মাহফুজুর রহমানের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে কথা বলেন।চউক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘আমরা প্রকল্প পরিচালকের সঙ্গে দরপত্র নিয়ে কথা বলতে গেলে তিনি দরপত্র জমা নেওয়ার সিদ্ধান্ত নেন। এর প্রতিবাদে শতাধিক কর্মচারী তাঁর কার্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে তিনি পুনঃ দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেন।’প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘আমরা নিয়ম অনুযায়ী দরপত্র জমা নিয়েছি। পরে সেগুলো বাতিল করে পুনঃ দরপত্র আহ্বানের সিদ্ধান্ত হয়েছে।’