২০ কোটি টাকার জমি বেহাত চার যুগ পর সওজের হুঁশ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের দোতারা মৌজায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সওজের প্রায় ২০ কোটি টাকা মূল্যের ১৪ একর জমি হাতছাড়া হয়ে গেছে। চার যুগের বেশি সময় পর ওই জমি উদ্ধারের জন্য সওজ নামেমাত্র উদ্যোগ নিলেও জেলা প্রশাসকের দপ্তর থেকে ছয় মাস আগে সওজকে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে মামলা করার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু সওজ এখনো তা করেনি। মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫৭ ও ১৯৫৮ সালে ঢাকা-আরিচা মহাসড়ক নির্মাণের সময় দোতারা মৌজার বিভিন্ন দাগ থেকে সওজের জন্য প্রায় ১৪ একরেরও বেশি জমি অধিগ্রহণ করা হয়। ১৯৫৭ সালে সওজের পক্ষে ওই জমি অধিগ্রহণ করে সংশ্লিষ্ট মালিকদের নিয়মানুযায়ী দাম পরিশোধ করে দেওয়া হয়। পরবর্তীকালে অধিগ্রহণ করা ওই জমির দাগ ও খতিয়ান নম্বর উল্লেখ করে সওজের নামে সরকারি গেজেটও প্রকাশ করা হয়। কিন্তু সড়ক নির্মাণের পর চার যুগেরও বেশি সময় ধরে সওজ কর্তৃপক্ষ সড়ক ছাড়া বাকি জমির খোঁজ রাখেনি। এই সুবাদে জমির আগের মালিকেরা প্রায় ১৪ একর জমি নিজেদের নামে আরএস রেকর্ড এবং নামজারি করে নিয়ে জমি ভোগদখল শুরু করেন। পরবর্তীকালে ওই সব জমি তাঁরা একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছেন। এর মধ্যে ২১৪ শতাংশ জমির ভোগদখলে রয়েছেন দোতারা গ্রামেরই মো. রিয়াজ উদ্দিন। ভূমি অফিসের রেকর্ডপত্র অনুযায়ী তিনিই ওই জমির মালিক।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, চার যুগেরও বেশি সময় পর বিষয়টি গোচরে আসায় মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী ওই জমির অবৈধ দখলদার উচ্ছেদ করে নামজারি ও আরএস রেকর্ড সংশোধন করার জন্য গত বছরের ৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত দিক খতিয়ে দেখে মানিকগঞ্জের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নুরুন নাহার ৯ ডিসেম্বর এক চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে দেওয়ানি মোকাদ্দমা করার জন্য সওজকে অনুরোধ জানান। কিন্তু গত ছয় মাসেও সওজের পক্ষ থেকে মামলা করা হয়নি।উপজেলা প্রশাসন সূত্র জানায়, নিয়মানুযায়ী আদালতে মামলা না করে মানিকগঞ্জ সওজের নয়ারহাট উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মামুনুর রশীদ সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) গত ১৩ জানুয়ারি লেখা এক চিঠিতে ওই সব জমির নামজারি বাতিলসহ আরএস রেকর্ড সংশোধন করার আবেদন করেন। মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘দোতারা মৌজায় সওজের নামে গেজেটকৃত ১৪ একর জমির মধ্যে আমি পৈত্রিক সূত্রে ১৩২ শতাংশ এবং ক্রয় সূত্রে ৮২ শতাংশ জমির মালিক। মালিক হিসেবে রেকর্ডপত্রে আমার বাবা এবং আমার নাম থাকায় তা নামজারিও করে দিয়েছে ভূমি অফিস। কিন্তু এখন সওজ ওই জমি তাদের বলে দাবি করছে।’ জমির অন্য দখলদারেরাও একই রকম কথা বলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এক কর্মকর্তা ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, একইভাবে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকাসহ আরও বিভিন্ন এলাকা থেকে সওজের কোটি কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে। সওজের একশ্রেণীর কর্মকর্তা নিজেরা সুবিধা পেয়ে বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারে কোনো ব্যবস্থা নেন না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা রহমান বলেন, এসএ এবং আরএস রেকর্ডে নাম থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই জমি সহজে তাঁদের নামে নামজারি করে নিয়েছেন। আর এ কারণে তাঁরা ওই জমি বিক্রি করারও সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘সওজের পক্ষ থেকে তাঁর কার্যালয়ে একটি মিস কেস করা হয়েছে। কিন্তু নিয়মানুযায়ী দেওয়ানি মোকাদ্দমা ছাড়া ওই সব জমির রেকর্ড সংশোধন করা সম্ভব নয়। আর রেকর্ড সংশোধন না হলে নামজারিও বাতিল করা সম্ভব নয়।সওজের গাফিলতির কারণে মূল্যবান ওই সব জমি হাত ছাড়া হয়ে গেছে কি না জানতে চাইলে মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বশাক বলেন, ‘এসব আমার আগের আমলের, তাই আমার পক্ষে বলা মুশকিল।’ মামলা করা হচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।