২০ কোটি টাকার সম্পদ ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রচালিত করাত, বোমা, বিস্ফোরক, দা, ছুরিসহ নানা অস্ত্রে সজ্জিত জামায়াত-শিবির কর্মীরা দল বেঁধে নেমে পড়েছেন নাশকতায়। জঙ্গি কায়দায় হামলা চালিয়ে তছনছ করেছেন যানবাহন, ঘরবাড়ি, সরকারি দপ্তর ও ব্যবসাপ্রতিষ্ঠান। গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরির পাশাপাশি সেতুর পাটাতনও খুলে নিয়েছেন। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় জামায়াতের এই সশস্ত্র হামলায় গত ১০ মাসে পুলিশ কনস্টেবলসহ দুই ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষতিও হয়েছে।

লোহাগাড়া প্রশাসন ও ব্যবসায়ীদের তথ্যমতে, ১০ মাসে উপজেলা এলাকায় ২০ কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে দুর্বৃত্তরা। গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে নৃসংশতার যে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জ্বলছে।
লোহাগাড়া ব্যবসায়ী সমিতির নেতা সাহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গত ফেব্রুয়ারি থেকে দফায় দফায় ধ্বংসযজ্ঞে আমাদের ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন আমরা কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিল দিতে পারছি না। এর প্রতিবাদে গত ১৯ ডিসেম্বর উপজেলা সদরে মানববন্ধন করেছি।’

স্থানীয় সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার মুহূর্তে জামায়াত-শিবিরের সশস্ত্র নেতা-কর্মী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নেমে আসেন। তাঁদের হাতে ছিল বৈদ্যুতিক ও ডিজেল করাত, আগ্নেয়াস্ত্র, কিরিচ, ছোরা আর বিস্ফোরক। দুর্বৃত্তরা একের পর এক গাছ কেটে লোহাগাড়া উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমটার উত্তরে আমিরাবাদ রাজঘাটা সেতুর কাছে চলে যায়। সেখানে ৫০ মিটার দৈর্ঘ্যের রাজঘাটা সেতুটি ভাঙতে শুরু করে। সশস্ত্র দলের অন্য সদস্যরা সেতুর পাশে মাটি খুঁড়ে সাবমেরিন কেব্ল কেটে দিতে চাইলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের রুখে দেয়।

উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, ‘১২ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা শত শত গাছ নির্বিচারে কেটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। ইউএনও এবং পুলিশ সদস্যদের নিয়ে আমরা রাস্তা থেকে গাছগুলো সরিয়ে দিচ্ছিলাম। রাজঘাটা সেতুর কাছাকাছি গেলে দুর্বৃত্তরা আমাদের দিকে নির্বিচারে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। প্রায় আধা ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে দুর্বৃত্তদের হটিয়ে দেয় পুলিশ। দুর্বৃত্তরা ২৫-৩০ রাউন্ড গুলি ছুড়েছিল।’

সরেজমিনে দেখা গেছে, ১২ ডিসেম্বর লোহাগাড়ার বারআউলিয়া-টংকাবর্তী সড়কে বেইলি সেতুর পাটাতন উৎ পাটন এবং আধুনগর-হরিণা সড়কে আরেকটি বেইলি সেতুর কাঠের পাটাতন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বারআউলিয়া-টংকাবর্তী সড়কে বেইলি সেতুর পাটাতন উৎ পাটনের কারণে উপজেলা সদর থেকে পদুয়া ও চরম্বা ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ পাঁচ দিন বিচ্ছিন্ন ছিল। এর আগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আরেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা হলে এই সেতুটির পাটাতন উৎ পাটন করে দুর্বৃত্তরা। তখনো এক সপ্তাহ উপজেলা সদর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ওই এলাকাটি।

স্থানীয় বাসিন্দা আবিদ হোসাইন বলেন, বারআউলিয়া-টংকাবর্তীর বেইলি সেতুর পাটাতন দুই দফায় উৎ পাটন করা হয়েছে। এতে উপজেলা সদরসহ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে রোগীদের কষ্টের সীমা ছিল না। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও দুর্ভোগে পড়েছিল।

স্থানীয় আরেক বাসিন্দা সাহাব উদ্দিন বলেন, জামায়াত-শিবির মনে করে লোহাগাড়া-সাতকানিয়া যেন গোটা একটা বাংলাদেশ। এখানে সেতু উৎ পাটন এবং নির্বিচারে গাছ কেটে অবরোধ সৃষ্টি করতে পারলেই সরকারের পতন ঘটানো সম্ভব হবে। দুই দফায় উৎ পাটনের পর সম্প্রতি এই সেতুর পাটাতন ওয়েল্ডিংয়ের ঝালাই করে লাগিয়ে দেওয়া হয়। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে আবার এই সেতুর ব্যবহার শুরু হয়।
স্থানীয় চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদাত উল্লাহ বলেন, ‘এলাকার মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমি সেতুর পাটাতন ওয়েল্ডিংয়ের ঝালাই করে দিয়েছি। বার বার সেতু উৎ পাটন করে আমাদের কষ্ট বাড়ানোর দরকার কী? এই প্রশ্ন করার সাহস হারিয়ে ফেলেছে এলাকার লোকজন।’

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের দিন সেতুর কাঠের পাটাতনে আগুন দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই পাটাতনের কাঠ পুড়ে কয়লা হয়ে যায়। ফলে এই পথে গাড়ি চলাচল তিন সপ্তাহ ধরে বন্ধ ছিল।

গত ১২ ডিসেম্বর সশস্ত্র দুর্বৃত্তরা লোহাগাড়ার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা এলাকায় অবস্থান নিয়ে ধ্বংসযজ্ঞ চালায়। তাদের হাত থেকে রক্ষা পায়নি বাড়িঘর ও সরকারি দপ্তর। ওই দিন দুর্বৃত্তরা কলাউজান এলাকায় মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল জব্বার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ইছহাকের বাড়িঘর পুড়িয়ে দেয়। রক্ষা পায়নি চুনতি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সাঈদুল হকের বাড়িটি। সেটিও আগুনে কয়লা হয়ে গেছে। পদুয়া বন বিভাগের কার্যালয় ছাড়াও সেখানে একটি ফিলিং স্টেশন ও একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ফিলিং স্টেশন ও প্রাইভেট কারটির মালিক মুক্তিযোদ্ধা আবদুল হাকিম চৌধুরী।

গাজী ইসহাক বলেন, ’আমি আওয়ামী লীগ করি। এটাই অপরাধ। ওরা সশস্ত্র অবস্থায় এসে আমার বাড়িঘরে আগুন দিয়েছে। আমি বাড়িতে ছিলাম না। ওরা আমার স্ত্রীকে বলেছে, আমাকে পেলে মেরে ফেলবে।’
লোহাগাড়া এলাকায় জামায়াতের আধিপত্য রয়েছে বলে প্রতিপক্ষের কেউ প্রতিবাদের সাহস পায় না। এমনকি বিএনপির নেতা-কর্মীরাও এই এলাকায় সংখ্যালঘু হিসেবে পরিচিত।
বিএনপির স্থানীয় একজন কর্মী নাম প্রকাশ না করে বলেন, জামায়াত-শিবির কেবল সরকারি সম্পত্তি ধ্বংস করেনি, ওরা আওয়ামী লীগ ছাড়াও বিএনপি ও এলডিপির মালিকাধীন সম্পদ ধ্বংস করে দিয়েছে।

উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, ‘আমি এলডিপির সমর্থক। গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পরই দুর্বৃত্তরা আমার কমিউনিটি সেন্টারটি পুড়িয়ে দেয়। এতে আমার কয়েক লাখ টাকার সম্পদ ধ্বংস হয়েছে। এই ধ্বংসযজ্ঞ আমি নীরবে দেখেছি। তখন আমার কিছুই করার ছিল না।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘জামায়াত-শিবির একের পর এক নাশকতা সৃষ্টি করে অস্থির করে রাখার চেষ্টা করছে লোহাগাড়াকে। আমরাও নাশকতা সৃষ্টির নেতৃত্বদানকারী জামায়াত-শিবিরের নেতাদের বিরুদ্ধে মামলা নিচ্ছি। গ্রেপ্তার হয়ে অনেকে আবার জামিনে বেরিয়ে নাশকতায় জড়াচ্ছে।’