২০ কোটি টাকার সরকারি বাসায় কেউ থাকেন না
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) শিক্ষকদের জন্য প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ২০টি আবাসিক ভবনে কেউ থাকেন না। ফলে গত ছয় বছরে এসব ভবনের চারপাশ জঙ্গলে ভরে গেছে। ভবনের দরজা-জানালাও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক কর্মচারী জানান, শিক্ষকদের অধিকাংশই বাইরে ব্যক্তিগত চেম্বার বা ক্লিনিকে রোগী দেখে থাকেন। অনেকে ঢাকা, রংপুর, রাজশাহীসহ বিভিন্ন এলাকায় রোগী দেখতে যান। এ কারণে হাসপাতালের বাইরে তাঁরা ভাড়া বাড়িতে বসবাস করেন। অনেকে ভাড়া বাড়িতেই চেম্বার খুলে রোগী দেখছেন। শিক্ষকদের ব্যবহারের জন্য বাসাগুলো তাঁদের বেতন বাড়ার ওপর নির্ধারণ করা হয়। তাতে দেখা গেছে, ৭ থেকে ১০ হাজার টাকা ভাড়া কাটা হয়ে থাকে। তাঁরা না থাকার কারণে গত ছয় বছরে সরকারের কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে।বগুড়া গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বগুড়া শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ছিলিমপুরে ২২১ কোটি টাকা ব্যয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হয়। ২০০৬ সালের ৩১ আগস্ট এর যাত্রা শুরু হয়। হাসপাতালের পাশেই কলেজের শিক্ষক, চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ৩০টি আবাসিক ভবন তৈরি করা হয়। এর মধ্যে ২০ কোটি টাকা ব্যয়ে শিক্ষক ও রেজিস্ট্রারের জন্য ২০টি ভবন তৈরি করা হয়। এসব ভবনে ১১৭ জন বসবাস করতে পারেন।প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, হাসপাতালের বাসভবনে অধ্যক্ষের থাকা বাধ্যতামূলক হওয়ায় শুধু তিনিই বসবাস করেন। অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের জন্য পাঁচটি ভবনে এক হাজার ৫০০ বর্গফুট করে ২৫টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ২৪ জনই এসব ফ্ল্যাট ব্যবহার করেন না। সহকারী অধ্যাপকদের এক হাজার ২৫০ বর্গফুটের ১২টি ফ্ল্যাটেও কেউ থাকেন না। প্রভাষকদের জন্য বরাদ্দ করা ১২টি ফ্ল্যাটের মধ্যে পাঁচটিতে সম্প্রতি পাঁচজন থাকা শুরু করেছেন। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কোনো বাসা খালি নেই। এসব ভবন বরাদ্দ নেওয়ার জন্য কলেজের বিভিন্ন শাখায় কয়েক দফায় শিক্ষকদের চিঠি দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা সাড়া দেননি।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ঘন জঙ্গলে ভরে গেছে বাসভবনের চারপাশ। ভবনের দেয়ালে, রাস্তায় ও গাড়ি রাখার জায়গা ময়লা-আবর্জনায় ভরা। জানালা ভাঙা এবং এর গ্রিলে মরচে ধরেছে। বাইরে থেকে ভবনগুলো তালা দেওয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, অনেক সরঞ্জাম চুরি হয়ে গেছে। গ্যাস, বিদ্যুৎ, পানি ও গাড়ি রাখার সব সুবিধা থাকা সত্ত্বেও এসব ভবনে কেউ থাকেন না।কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল আলম বলেন, শহর থেকে ক্যাম্পাস দূরে হওয়ায় অনেকে থাকছেন না। ছেলেমেয়ে পড়াশোনা করে শহরের বিদ্যালয়গুলোতে। ক্লিনিকগুলোও শহরের মধ্যে। এ কারণে বেশির ভাগ শিক্ষক সরকারি বাসায় না থেকে বাইরে থাকছেন। তা ছাড়া সরকারি বাসায় থাকতেই হবে এমন বাধ্যবাধকতাও নেই।কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব বলেন, বাসাগুলো বরাদ্দ নেওয়ার জন্য শিক্ষকদের চিঠি দেওয়া হয়েছে। এর আগেও কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। বাধ্যতামূলক না হওয়ায় শিক্ষকেরা এখানে থাকার আগ্রহ প্রকাশ করছেন না।