হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে একটি পদচারী-সেতু আছে। সেই সেতুর ২০ গজের মধ্যে আরেকটি পদচারী-সেতু নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। দূরত্বের কারণে আগের সেতুটি পথচারীরা ব্যবহার করতে আগ্রহী না হওয়ায় নতুন সেতুটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। কিন্তু শেষ পর্যন্ত নতুন সেতুতেও মানুষ উঠবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দেখা যায়, নতুন পদচারী-সেতু নির্মাণের কাজ শেষ পর্যায়ে। সাদা রঙের কাঠামো দাঁড়িয়ে গেছে, চলছে শেষ মুহূর্তের কাজ। ৬৫ মিটার দৈর্ঘ্য ও ২ দশমিক ৭ মিটার প্রস্থের আধুনিক এই পদচারী-সেতুতে আছে দুটি চলন্ত সিঁড়ি (অ্যাসকেলেটর)।
নতুন সেতুটির কিছুটা সামনেই পুরোনো পদচারী-সেতু। কিন্তু লোকজন সেটি ব্যবহার না করে বিমানবন্দর গোলচত্বরে আইন অমান্য করেই সড়ক পারাপার হচ্ছেন। ফলে একদিকে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ ছাড়া যত্রতত্র বাস থেকে যাত্রী ওঠানো-নামানোয় বিমানবন্দর চত্বরে যানজট লেগে থাকছে।
চত্বর এলাকায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখা যায়, প্রতি মিনিটে ৩০-৩৫ জন ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন। কেউ হাত উঁচিয়ে, কেউ যানবাহনের সামনে দিয়ে দৌড়ে পার হচ্ছেন। আগের পদচারী-সেতুতে উঠতে কিছুটা হেঁটে যেতে হয় বলে লোকজন ঝুঁকি নিয়ে নিচ দিয়েই পার হচ্ছেন।
সড়কের কয়েক জায়গায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ থেকে ‘রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ ব্যবহার করুন’, ‘যত্রতত্র রাস্তা পারাপার দণ্ডনীয় অপরাধ’ লেখা সাইনবোর্ড লাগানো হয়েছে। লোকজন এসব সাইনবোর্ডের সামনে দিয়েই সড়ক পার হচ্ছেন।
এই অবস্থা থেকে উত্তরণে আগের সেতুটির বদলে প্রায় চত্বর ঘেঁষেই নতুন আরেকটি সেতু বানানোর কাজ শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির প্রকল্পটি বাস্তবায়নের কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জ।
পদচারী-সেতু নির্মাণকাজ তদারকের দায়িত্বে থাকা মো. নাসিরুদ্দীন বলেন, আগামী মাসের শুরুতেই সব কাজ শেষ হবে। দুটি অ্যাসকেলেটর ছাড়াও আধুনিক বাতি লাগানো হচ্ছে, গাছ দিয়ে সাজানো হচ্ছে। আগের সেতুটি অনেক পুরোনো। নতুন সেতুটি চালু হলে সবাই ব্যবহার করতে আগ্রহী হবেন।
পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বিমানবন্দর রেলস্টেশনের কারণে আশকোনা হজ ক্যাম্পে প্রবেশের সড়কটিতে প্রতিদিন ৮০ বার রেলক্রসিং বার নামানো হয়। এতে প্রতিদিন সব মিলিয়ে সাড়ে তিন ঘণ্টা সময় চলে যায়। এ সময় বিমানবন্দর চত্বরের পূর্ব ও পশ্চিম প্রান্তের সড়কে যানবাহন আটকাতে হয়।
বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সের পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, লোকজন বেপরোয়াভাবে সড়ক পার হওয়ায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। সকাল-সন্ধ্যায় যখন গাড়ির চাপ বেশি থাকে, তখন দড়ি দিয়ে লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করতে হয়। আধুনিক সুবিধাসংবলিত নতুন পদচারী-সেতুটি চালু হলে বেপরোয়া পারাপার বন্ধ হবে বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা আশা প্রকাশ করেন।