২০ ঘণ্টা বিদ্যুৎ ছিল না শেরপুরে
আকস্মিক ঝড়বৃষ্টির কারণে বগুড়ার শেরপুরে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। পিডিবির ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের ‘এ ফিডারের’ আওতায় প্রায় ছয় হাজার গ্রাহক বিদ্যুৎহীন থাকেন।
শেরপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী হামিদুল ইসলাম বলেন, গত বুধবার বিকেল পাঁচটায় ঝড়বৃষ্টির কারণে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাত দুইটার দিকে এই ফিডারের আওতায় হাজীপুর, উলিপুর, মহিপুর, বনমরিচা ও শ্রীরামপুর এলাকায় বিদ্যুৎ-সংযোগ চালু করা হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আবার ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শেরপুর পিডিবি কার্যালয়ের হিসাব সহকারী তোফাজ্জল হোসেন বলেন, ‘এ ফিডারের’ আওতায় উপজেলার ১৪টি এলাকা রয়েছে। এর মধ্যে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আবাসিক ও বাণিজ্যিক কমপক্ষে ছয় হাজার সংযোগ রয়েছে। গতকাল বেলা সোয়া একটার দিকে শুধু দাড়কিপাড়া এলাকা ছাড়া ওই ফিডারের আওতাধীন অন্যান্য এলাকায় বিদ্যুৎ-সংযোগ চালু করা হয়েছে।
শেরপুর পিডিবির সহকারী প্রকৌশলী জিয়াউল হক বলেন, এই ফিডারের আওতায় শহরের দাড়কিপাড়ায় ট্রান্সমিটারের সংযোগ বন্ধ করে দেওয়ার পরই বিদ্যুৎ-সংযোগ চালু করা গেছে।