কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক ওরফে সবুজ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর অনুসারী ২০ ছাত্রনেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলার বাদী হলেন এনামুল হকের সহোদর এমদাদুল হক।গত বুধবার রাতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ওই মামলা করা হয়। মামলার এজাহারে ছাত্রদলের ১২ নেতা-কর্মীর নামসহ অজ্ঞাতনামা আরও আটজনের কথা উল্লেখ করা হয়। মামলা করার পর আসামিরা কুমিল্লাছাড়া হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। মামলার অন্যতম আসামিরা হলেন: কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা ওরফে টিপু, একই সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ওরফে সুজন, জেলা ছাত্রদলের সদস্য মহিউদ্দিন, শহর ছাত্রদলের একাংশের যুগ্ম আহ্বায়ক রোমান হাসান ওরফে বশির, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবির প্রমুখ।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘ছাত্রদলের নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে ছাত্রদলের আরেক অংশের নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’মেয়র মনিরুল হক সাক্কুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একই সঙ্গে মামলার শীর্ষস্থানীয় আসামিদের প্রত্যেকেরই মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।গত বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষ হয়। সংঘর্ষে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বিপদমুক্ত বলে দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন।