২০ জনকে কোটি করে কেন দেওয়া হবে না: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরের ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষুশিবিরে চিকিৎসাপ্রাপ্ত ‘চোখ হারানো’ ২০ জনের প্রত্যেককে এক কোটি করে টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অমিত দাসগুপ্ত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চুয়াডাঙ্গার সিভিল সার্জন, ডিসি ও এসপি, ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার, মোহাম্মদ শাহীনসহ ১০ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ রুলের পরবর্তী শুনানির জন্য ৬ মে নির্ধারণ করে দিয়েছে আদালত।

আইনজীবী অমিত দাসগুপ্ত বলেন, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা–ও রুলে জানতে চেয়েছেন আদালত।

এর আগে চুয়াডাঙ্গা শহরের ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষুশিবিরে চিকিৎসা নিয়ে ‘চোখ হারানো’ ২০ জনকে এক কোটি করে মোট ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রোববার রিট করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত রোববার হাইকোর্টে এ রিট দায়ের করেন। একটি জাতীয় দৈনিকে ‘চক্ষুশিবিরে গিয়ে চোখ হারালেন ২০ জন!’ শীর্ষক শিরোনামে ২৯ মার্চ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়।