২০ জনকে ছাড়িয়ে আনতে যাওয়া ছয়জনও ফেরেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের একাদশতম সাক্ষী আবু সাঈদ জোয়ারদার। জবানবন্দিতে তিনি বলেন, তিনি শুনেছেন, একাত্তরে তাঁর জেঠাতো ভাইসহ ২০ জনকে ধরে জয়পুরহাট শহরে শান্তি কমিটির কার্যালয়ে আবদুল আলীমের কাছে নেওয়া হয়। তাঁদের ছাড়িয়ে আনতে জেঠাসহ ছয়জন সেখানে যান। কিন্তু তাঁরা কেউই ফেরেননি।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবু সাঈদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে আবু সাঈদ বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে। তিনি একাত্তরের গোপীনাথপুর উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়তেন। তাঁর জেঠা আছের আলী ওরফে আবের জোয়ারদার এ সময় গরুর গাড়িতে করে মালামাল ও লোকজন বহন করতেন। একাত্তরের জুনের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে কোনো একদিন তাঁর জেঠা বড় ছেলে মোকলেছুর রহমানসহ গরুর গাড়িতে করে কিছু লোককে নিয়ে ভারতের সীমান্তের দিকে যান। এর প্রায় আধা ঘণ্টা পর তাঁর জেঠা অসুস্থ হয়ে বাড়ি ফিরলে মোকলেছুর গাড়ি নিয়ে সীমান্তের দিকে যান। সন্ধ্যায় গ্রামের মানুষের কাছে তিনি (সাক্ষী) শোনেন, পাগলা দেওয়ান সীমান্তে লোকজনকে নামিয়ে দিয়ে জয়পুরহাটের খানবিলের বেলতলি গ্রামে পাকিস্তানি সেনা, জয়পুরহাটে শান্তি কমিটির চেয়্যারম্যান আবদুল আলীমের সহযোগীরা মোকলেছুরের সঙ্গে আহাদ আলী, নজের আকন্দ, আবদুল গফুর, আমজাদ হোসেন ও গাড়োয়ালসহ ২০ জনকে ধরে নিয়ে যায়।সাক্ষী বলেন, ওই ২০ জনকে পরে জয়পুরহাট শহরে শাওনলাল বাজলার গদিঘরে স্থাপিত শান্তি কমিটির কার্যালয়ে আবদুল আলীমের কাছে নেওয়া হয়। পরদিন তাঁর জেঠাসহ ছয়জন প্রত্যেকে ৫০০ টাকা করে নিয়ে স্বজনদের ছাড়াতে আলীমের কাছে যান। তাঁরা এবং আটক ২০ জনের কেউ আর ফিরে আসেননি। পরে তিনি শুনেছেন, তাঁর জেঠা, জেঠাতো ভাইসহ ওই ২৬ জনকে জয়পুরহাটের খঞ্জনপুরে কুঠিবাড়ি সেতুর নিচে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়।জবানবন্দি শেষে আবু সাঈদ জোয়ারদারকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। তিনি সাক্ষীকে কয়েকটি প্রশ্ন করেন। পরে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।