২০ জনের দেখাদেখি এখন দেড় শ কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কম্পোস্ট সারের প্রতি ঝুঁকে পড়েছেন রংপুরের তারাগঞ্জের কিষান-কিষানিরা। উৎপাদন খরচ কমায় ও ফলন ভালো হওয়ায় কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এ সার। জমিতে ব্যবহার ছাড়াও তৈরি কম্পোস্ট সার বিক্রি করেও অনেক কৃষক নিজেদের ভাগ্য বদল করেছেন।
উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে ইকরচালী ইউনিয়ন। সেখানকার জগদীশপুর, প্রামাণিকপাড়া, শাহপাড়া, বানিয়াপাড়া, মেনানগর গ্রামে যেতে রাস্তার দুই ধারে মাঠের পর মাঠ আলু, সিম, সরিষা, গম, পেঁয়াজ, রসুনসহ হরেকরকম ফসলের সমারোহ। এসব গ্রামের কোনো একটিতে প্রবেশ করলেই প্রতি কৃষকের বাড়ির উঠানে অথবা রাস্তার ধারে দেখা যাবে তৈরি হচ্ছে কম্পোস্ট সার। রোদ-বৃষ্টি থেকে রক্ষার জন্য ওই জায়গায় তুলে দেওয়া হয়েছে টিনের চালা। সাধারণ কম্পোস্ট ছাড়াও কৃষকেরা তৈরি করছেন খামারজাত কম্পোস্ট, কুইক কম্পোস্ট, কেঁচো কম্পোস্টের মতো সার।
জগদীশপুর গ্রামের কৃষক ফরহাদ হোসেন বলেন, রাসায়নিক সার ব্যবহারের ফলে চার বছর আগেও ওই এলাকার জমিতে ভালো ফলন হতো না। পোকামাকড় লেগেই থাকত। ২০১২ সালে প্রথম তাঁর গ্রামের ২০ কৃষক উপজেলা কৃষি বিভাগের সহায়তায় আইএপিপি প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে কম্পোস্ট সার তৈরি শুরু করেন। গরুর গোবর এবং বাড়ির অপ্রয়োজনীয় শাকসবজির উচ্ছিষ্ট অংশ পচিয়ে কম্পোস্ট ও খামারজাত কম্পোস্ট সার তৈরি করেন তাঁরা। খৈল, গোবর ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করেন কুইক কম্পোস্ট সার। এ ছাড়া শুকনা গোবরে জীবন্ত কেঁচো মিশিয়ে তৈরি করেন কেঁচো কম্পোস্ট। এ সার ব্যবহার করে এসব কৃষক কমিয়ে আনেন ফসলের উৎপাদন খরচ।
এ সার ব্যবহারে বেড়ে যায় ফসলের উৎপাদনও। তাঁদের এ সাফল্য দেখে এই গ্রামের ১৫০ কৃষক এখন কম্পোস্ট সার ব্যবহার করেছেন।
গ্রামটির আরেক কৃষক আবদুল খালেক বলেন, আগে ৯০ শতক জমি চাষ করে তিন বেলার খাবারও জুটত না। এখন সন্তানদের পড়াশোনার খরচসহ দৈনন্দিন ব্যয় নির্বাহের পরও বছরে ৭০ হাজার টাকা থাকছে।
বানিয়াপাড়া গ্রামের লিটন চন্দ্র বলেন, ‘ফসল ফলাইতে হামার গ্রামের লোকজনকেও অ্যালা রাসায়নিক সার লাগে না। খেতোত কেঁচো সার দেই।’
ইকরচালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, আইএপিপি প্রকল্পের আওতায় কম্পোস্ট সার তৈরি করতে গিয়ে শুরুতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। এখন একজনকে দেখে আরেক কৃষক কম্পোস্ট সার তৈরি করে জমিতে দিচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় দুই হাজার কৃষককে কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা এ সার তৈরি করে নিজের জমিতে ব্যবহার করার পাশাপাশি বাড়তি আয় করছেন।