২০ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা একটি মামলায় বিএনপির নেতা বরকত উল্লা বুলুুসহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
গতকাল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আদালত পলাতক এই ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, এ মামলায় ৯ জনকে পলাকত দেখিয়ে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। গতকাল জামিনে থাকা চারজন আদালতে হাজির ছিলেন। জামিনে থাকা পাঁচ আসামির বিষয়ে কোনো পদক্ষেপ না থাকায় তাঁদের জামিন বাতিল করে পরোয়ানা জারির আদেশ দেন। পাশাপাশি পলাতক ১৫ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারিরও আদেশ দেন।
এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন রুহুল কুদ্দুস তালুকদার, সাইফুল ইসলাম ও ইসহাক সরকার। মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে মোহাম্মদপুর থানাধীন এলাকায় অজ্ঞাত আসামিরা গাড়ি ভাঙচুর করেন ও ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় পুলিশ এ মামলা করে। গত বছর পুলিশ অভিযোগপত্র দেয়।