২০ জনের বিরুদ্ধে ১৩ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির অভিযোগে ২০ জনের বিরুদ্ধে রাজধানীর আট থানায় ১৩টি মামলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসান মামলাগুলো করেন। জানতে চাইলে গতকাল শনিবার তিনি প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার রাতেই চারটি মামলা করা হয়। আজ (গতকাল) আরও সাতটি মামলা করা হয়েছে।’
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে মুঠোফোন, ডিজিটাল ঘড়ি ও তারবিহীন মাইক্রো (খুদে) হেডফোনসহ পরীক্ষার্থীদের আটক করা হয়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে জালিয়াত চক্রের আরও দুই সদস্যকে আটক করে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আটক ব্যাংক কর্মকর্তা ইমদাদুল হক ও পরীক্ষার্থী বদিউজ্জামানের নামে নিউমার্কেট থানায়, শাহবাগে পরীক্ষার্থী সাদমান আহমেদ, লালবাগে জায়ীদ হাসান, প্রিয়ম সরকার, সাব্বির হোসেন ও হুজ্জাতুল ইসলাম, মতিঝিলে তরিকুল ইসলাম ও সৈয়দ আলমগীর কবির, মোহাম্মদপুরে রাইসুল ইসলাম, ফারহা ফারজানা, কে এম রেজওয়ানুল আহসান ও ইসরাতুল কাওসার এবং ধানমন্ডিতে রাফিয়া হাসান, রুহুল অমিন, ফুয়াদ হাসান এবং কলাবাগান থানায় সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের কর্মচারী মো. আবদুর রহিমের বিরুদ্ধে মোট ১১টি মামলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এ আমজাদ আলী বলেন, মামলার পাশাপাশি এই শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারেন, এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী মো. নাসির উদ্দিন জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গত শুক্রবার আটক ইমরান হোসেন ও জাহিদ হাসানের নামে কোতোয়ালি থানায়, মাসুদ রানা নামে মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা হয়েছে।