রাঙামাটির শহরতলি চক্রপাড়া লিচুবাগান থেকে অপহূত ২০ জনের মধ্যে নয়জনকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। গতকাল বৃহস্পতিবার অপহূত ১১ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে চক্রপাড়া লিচুবাগান থেকে একটি সশস্ত্র দল ২০ জনকে অপহরণ করে কাপ্তাই হ্রদ দিয়ে ট্রলারে করে নিয়ে যায়। পরে রাতে নয়জনকে ছেড়ে দেওয়া হয়। আঞ্চলিক রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজনের ধারণা।অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পাওয়া এক যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লিচুবাগান ঘাটের দোকানে বেশ কয়েকজন নারী-পুরুষ বসে ছিলেন। এ সময় শহরের কাজ ছেড়ে বনরূপা ঘাট থেকে বেশ কয়েকজন ট্রলারে করে লিচুবাগান ঘাটে আসে। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল এসে সবাইকে ঘিরে ফেলে। পরে নারীদের ছেড়ে দিয়ে পুরুষদের আগে থেকে অপেক্ষমাণ একটি ট্রলারে নিয়ে যায়। সেখানে সবাইকে শুয়ে পড়তে নির্দেশ দেওয়া হয়। এরপর ট্রলার প্রায় ৪৫ মিনিট চলার পর দীঘলিবাগ গ্রামের পাশে এক জায়গায় থামে। সেখানে সবাইকে একটি টিলায় নামিয়ে নাম, গ্রামের বাড়ি জিজ্ঞেস করে ভাগ করা হয়। পরে আমাদের ছেড়ে দেওয়া হয়।’ অপর একজন জানান, অপহরণকারীরা মূলত জুরাছড়ি উপজেলা এবং রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের লোকজনকে খোঁজ করেছিল। জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অপহরণ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করে অপহূত লোকজন সবাই নিরীহ বলে উল্লেখ করা হয়েছে। তবে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবস সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে আন্তর্জাতিকভাবে অপপ্রচার চালাতে জনসংহতি সমিতি এ নাটক সাজিয়েছে। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম চৌধুরী জানান, অপহরণ ঘটনায় গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কেউ কোনো মামলা করেনি।