সারা দেশে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ বাবদ শিক্ষা বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নিয়েছে, তা ২০ জানুয়ারির মধ্যে ফেরত দিতে বলেছেন হাইকোর্ট। অন্যথায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিল হবে। তাঁরা তিন বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।
গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ জন্য শিক্ষাসচিব ও ১০টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে আদেশ জারি করতে বলা হয়েছে। পরবর্তী আদেশের জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে জানাতে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিকে ৬ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন।
এ অনুসারে গতকাল সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের পরিচালনা পরিষদের আহ্বায়ক বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, উদয়ন স্কুলের সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, রাজউক উত্তরা মডেল স্কুল এবং সরকারি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান আদালতে উপস্থিত হন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা আদালতে উপস্থিত হন। তাঁরা আইনজীবীর মাধ্যমে জবাব, উপস্থিতি ও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানান। আদালত বলেন, আপাতত তাঁদের হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হলো। প্রয়োজন হলে আসতে হবে।
‘আট গুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে গত ১০ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ফরম পূরণ বাবদ নির্ধারিত ফি ১ হাজার ৪০০ টাকা। অথচ বাড়তি ফি নেওয়া হচ্ছে। প্রতিবেদন বিবেচনায় নিয়ে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। আদেশে বলা হয়, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই কোচিংসহ যেকোনো অজুহাতে ১ হাজার ৪০০ টাকার (বিলম্ব ফি ছাড়া) বেশি নিতে পারবে না। এ ছাড়া এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা তদন্ত করে ১০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়। এরপর ২৬টি স্কুলের তালিকাসহ ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষে আইনজীবী ১৪ ডিসেম্বর প্রতিবেদনটি আদালতে দাখিল করেন। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান বোর্ড অতিরিক্ত ফি ফেরত দিয়েছে বলে জানানো হয়। পরে আদালত ২০টি প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতিকে তলবের আদেশ দেন। এগুলো হলো সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর আলিমুদ্দিন উচ্চবিদ্যালয়, মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয়, মিরপুর বাঙলা স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, লালবাগের রায়হান কলেজ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়, আহমেদ বাওয়ানী একাডেমি, ওয়েস্ট এন্ড হাইস্কুল, আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয় ও মোহাম্মদপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়।