ঢাকা-বরিশাল নৌপথে ২০ জুলাই থেকে লঞ্চের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। স্পেশাল সার্ভিস শুরু হবে ২৪ জুলাই। ইতিমধ্যে অগ্রিম টিকিটের জন্য স্লিপ নেওয়া শেষ করেছে লঞ্চ কর্তৃপক্ষ। এ কারণে সাধারণ যাত্রীরা অগ্রিম টিকিট পাচ্ছেন না।
সাধারণ যাত্রীদের অভিযোগ, লঞ্চের অগ্রিম টিকিটের জন্য স্লিপ নেওয়ার কারণে তাঁরা টিকিট থেকে বঞ্চিত হন। লঞ্চ কর্তৃপক্ষ আগে থেকে নিজস্ব এবং পরিচিতদের নামে টিকিট বরাদ্দ দিয়ে রাখে। সেখান থেকে টিকিট কালোবাজারে চলে যায়।
লঞ্চযাত্রী মো. আবুল বাসার বলেন, ২৬ ও ২৭ তারিখের জন্য টিকিট নেওয়ার জন্য লঞ্চের বুকিং অফিসে ঘুরেও পাওয়া যায়নি। টিকিট নেই, অগ্রিম দেওয়া শুরু হয়নি, এমন সব তথ্য দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। একই অভিযোগ করেন মো. জাকির হোসেন, নূরুল ইসলাম, সোয়েব রহমানসহ অনেকে। কীর্তনখোলা লঞ্চের সুপারভাইজার মো. শমসের হোসেন প্রথম আলোকে বলেন, মালিক পক্ষ তাঁদের অগ্রিম টিকিট দিয়েছে। সুন্দরবন লঞ্চের কাউন্টার থেকে দেবাশীষ জানান, আগে থেকেই স্লিপ নেওয়া শুরু হয়েছে। স্লিপের বাইরে অগ্রিম টিকিট দেওয়ার সুযোগ নেই।
সুন্দরবন লঞ্চের মালিক বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, সাধারণ সময় ছয়টি লঞ্চ চললেও ঈদে যাত্রী চাপ সামাল দিতে ১৩টি লঞ্চ দিনে দুবার ট্রিপ দেবে। ২৪ জুলাই থেকে ওই সার্ভিস চালু থাকবে।
বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাসার মজুমদার বলেন, ঈদ উপলক্ষে আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ঢাকা-বরিশাল নৌপথে স্পেশাল সার্ভিস চালু থাকবে। এ সময় প্রতিদিন ১২টি বিলাসবহুল লঞ্চ ঢাকা-বরিশাল রুটে সরাসরি চলাচল করবে। এর বাইরে ভায়া চলাচল করবে আরও ছয়টি লঞ্চ।