২০ জুলাইয়ের মধ্যে চিকিৎসককে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ২০০৯ সালের ৮ ডিসেম্বর একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রেজাউল করিম (৩০) খুন হন। লাশের গায়ে রক্তাক্ত জখমের একাধিক চিহ্ন থাকার কথা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিরাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের তৎকালীন চিকিৎসক আবদুল জলিল চিকিৎসা প্রতিবেদনে রেজাউলের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন। পুলিশ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিবেদনটি ফেরত পাঠিয়ে পুনরায় প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু ওই চিকিৎসক এতে সাড়া দেননি। শেষ পর্যন্ত আদালত তাঁকে ২০ জুলাইয়ের মধ্যে চিকিৎসা প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই চিকিৎসক পুনরায় চিকিৎসা প্রতিবেদন না দেওয়ায় বাধ্য হয়ে প্রতিবেদন ছাড়াই তদন্ত কর্মকর্তা রংপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সরেশ চন্দ্র রায় গত ২১ মার্চ এ মামলায় আদালতে অভিযোগপত্র দেন। রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩-এর বিচারক নিত্যানন্দ সরকার মামলার নথি পর্যালোচনা করে দেখতে পান, লাশের ময়নাতদন্ত প্রতিবেদন, সুরতহাল প্রতিবেদন ও চালানপত্র নেই। এ কারণে আদালত ১০ মের এক আদেশে আবদুল জলিলকে ওই সব প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এতেও তিনি সাড়া দেননি। ২৭ জুন আদালত পুনরায় ২০ জুলাই সকাল ১০টার মধ্যে তাঁকে প্রতিবেদন দাখিলে নির্দেশ দিয়েছেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন।আদালতের ওই আদেশের অনুলিপি অধ্যক্ষ, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোয়েন্দা শাখা, রংপুর বরাবর পাঠানো হয়েছে।রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ওই খুনের যাবতীয় তথ্য-প্রমাণ ও আলামত পুলিশের হাতে রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিরা রেজাউল করিমকে খুন করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তার পরও লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক আবদুল জলিল প্রভাবিত হয়ে প্রতিবেদনে উল্লেখ করেছেন, কার্ডিও রিসপাইরেটরি ফেইলারে রেজাউল মারা গেছেন, যা স্বাভাবিক মৃত্যুর সনদ।এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ওই লাশের ময়নাতদন্তকারী আবদুল জলিল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন ‘ওই লাশের ময়নাতদন্ত প্রতিবেদন আমি অনেক আগেই পুলিশকে দিয়েছি। নতুনভাবে দেওয়ার কিছু নেই। পুলিশ যা বলেছে, তা সত্য নয়।’ওই খুনের ঘটনায় গত বছরের ৪ নভেম্বর প্রথম আলোর ৯-এর পাতায় ‘কুপিয়ে হত্যা, চিকিৎসা সনদ স্বাভাবিক মৃত্যুর’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।