২০ জুলাইয়ের মধ্যে মহাসড়ক চলাচল উপযোগী করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০ জুলাইয়ের মধ্যে দেশের সব মহাসড়ক যান চলাচলের উপযোগী করা হবে। একই সঙ্গে মহাসড়কের পাশে ভাসমান দোকান থাকবে না এবং মহাসড়কে নছিমন, করিমন ও তিন চাকার বাহন চলতে পারবে না বলে উল্লেখ করেন তিনি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় নির্মাণাধীন ওভারপাস ও চার লেন সড়কের অগ্রগতি কাজ পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমের কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী রাখার জন্য ঈদ পর্যন্ত ১৬টি মোবাইল টিম কাজ করবে। একই সঙ্গে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের ওভারপাস নির্মাণকাজ ঈদ উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে। বর্তমান সময়ে মহাসড়ক নিয়ে যতটা আতঙ্ক ছড়ানো হচ্ছে বাস্তবে ততটা নয়। ‘কেবলমাত্র সীতাকুণ্ড এলাকায় ড্রেনেজ সিস্টেম খারাপ হওয়ার কারণে মহাসড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। তার পরও বলছি, মহাসড়ক নিয়ে সমালোচনা হয়েছে বলে কর্মকর্তা ও কর্মচারীরা অ্যাকটিভ হয়েছে।’


যোগাযোগমন্ত্রী বলেন, মহাসড়ক দখল করে যাঁরা দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে বসে আছেন, তাঁদের উচ্ছেদ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার করা চলবে না। আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা-কর্মী যদি পুলিশের কাছে তদবির করতে আসেন, সেটা শুনতেও উপস্থিত জেলা পুলিশ সুপারকে বারণ করেছেন মন্ত্রী।


ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় তরকারির বাজার বসিয়ে রাস্তা বন্ধ রাখা হয়। এভাবে রাস্তা বন্ধ রাখা যাবে না। মহাসড়কের পাশে
ভাসমান দোকান থাকবে না। এ ধরনের কোনো কিছু হলে কাউকে ছাড় দেওয়া হবে না। মহাসড়কে কোন ধরনের অনিয়ম হলে সেটা বরদাশত করা হবে না। তিনি আরও বলেন, মহাসড়কে নছিমন, করিমন ও তিন চাকার বাহন চলতে পারবে না। অনুমোদনহীন সব বাহনকে আইনের আওতায় আনতে হবে।


চার লেন কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে চার লেন সড়কের ৭৫ কিলোমিটার পাকা হয়েছে। একই সঙ্গে ১৭টি সেতু পাকা ও দুই শতাধিক কালভার্ট নির্মাণ করা হয়েছে। যথাসময়ে কাজ শেষ করার জন্য সরকার চেষ্টা করছে।


এ সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চার লেন প্রকল্পের প্রকল্প পরিচালক হাসান ইবনে আলম, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, পূর্বাঞ্চল মহাসড়ক পুলিশ সুপার মো. রেজাউল করিম, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ, নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম ও কুমিল্লা জেলা পরিবহন মালিক সমিতির নেতা মোতাহের হোসেন।
পরে মন্ত্রী চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।