২০ জেলায় সহিংসতা, আহত শতাধিক

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে আজও দেশজুড়ে চলেছে বিচ্ছিন্ন সহিংসতা। দেশের ২০ জেলায় সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে। বেশির ভাগ জায়গায় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশের ২০ জেলায় শতাধিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এর মধ্যে লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে ২০ জন, চাঁদপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ১৫ জন, নওগাঁয় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে পাঁচজন, দিনাজপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে জখম, গাজীপুরে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৩০ জন, সাতক্ষীরায় বিএনপির নেতা, সরাইলে সংঘর্ষে ১০ জন এবং গোয়ালন্দে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আটজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন পুলিশও রয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর।
রামগতি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজারে আজ দুপুরে হরতাল-সমর্থক জামায়াত-শিবির ও বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে পড়ে একজন রিকশাচালকও আহত হন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় বিকেলে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চলে। পুলিশ দুজনকে আটক করেছে। পুলিশ সুপার আমির জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হরতাল চলাকালে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপি-জামায়াতের এক হাজার ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মকবুল হোসেন ওই মামলা করেন। মামলায় ৯৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা এক হাজার ১০০ জনকে আসামি করা হয়। সিরাজগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় জামায়াত নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁ: নওগাঁয় দুপুর ১২টার দিকে হরতাল-সমর্থক ও বিরোধীদের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহত জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুস সালামের অভিযোগ, তাঁদের হরতালে যুবলীগ হামলা চালায়। জেলা পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজ আফজাল সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় দুই পক্ষের চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি পাওয়ারটিলারে আগুন দেওয়া হয় এবং দুটি ভেঙে দেওয়া হয়। দিনাজপুরের এএসপি সুশান্ত সরকার ও বিরামপুর থানার ওসি মো. রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদরের গ্রামতলা এলাকায় সকালে ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষে দুই পক্ষের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। বড়লেখা থানার ওসি মো. সেলিম নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বেলা দেড়টার দিকে পুলিশ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ২০টি রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আবদুর রব জানান, শহরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের চেয়ারম্যান কৃষক লীগ থানা শাখার সভাপতি মো. শামসুল ইসলামকে (৪৫) তাঁর কার্যালয়ে হরতাল-সমর্থকেরা কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, তিন দিনের হরতালে সহিংসতার ঘটনায় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।
টঙ্গী (গাজীপুর): গাজীপুরের জেলা শহরের শিববাড়ি মোড় এলাকায় সকালে পুলিশ ও বিএনপি, জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ দাবি করেছে তাদের লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে হরতাল-সমর্থকদের অভিযোগ, পুলিশের গুলিতে তাঁরা আহত হয়েছেন। জয়দেবপুর থানার পরিদর্শক মো. জাহিদুল ইসলাম হাতবোমায় পুলিশ আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের নিউমার্কেট, কদমতলা, বাঁকাল চেকপোস্ট, বিনেরপোতা ও জেলা সদরের সাতটিসহ উপজেলার বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন হরতাল-সমর্থকেরা। এ সময় তাঁরা ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল চলাকালে ছাত্রলীগের কর্মীরা ইট নিক্ষেপ করলে তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সফিকুল ইসলাম আহত হন। সাতক্ষীরা পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেন জানান, দুপুর ১২টা পর্যন্ত জেলায় কোনো বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।
সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সকাল ১০টার দিকে ইসলামী ঐক্যজোট ও শ্রমিক লীগের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে ইসলামী ঐক্যজোটের সঙ্গে জামায়াত ও বিএনপির পিকেটাররা যোগ দেন। সংঘর্ষে দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এ সময় শিবির নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র দেখা গেছে। হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কুষ্টিয়া-ঝিনাইদহ শহর থেকে ছেড়ে না আসায় আজও কোনো বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
গোপালগঞ্জ : হরতালের নামে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে জেলা ছাত্রলীগ। আজ বেলা ১১টার দিকে স্থানীয় সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী বার সমিতির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ, জেলা ছাত্রলীগের সহসভাপতি মিকাইল হোসেন প্রমুখ।
গোয়ালন্দ (রাজবাড়ী): হরতালের শেষ দিনে আজ হরতাল পালনকালে রাজবাড়ীর গোয়ালন্দ বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আটজন নেতা-কর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রুপের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি মহাসড়ক হয়ে উপজেলা মাঠ চত্বরে আসতে থাকে। অপর দিকে ওই মাঠ থেকে জেলা বিএনপির সহসভাপতি আসলাম মিয়া গ্রুপের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ সময় উপজেলা পরিষদের সামনে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় উভয় গ্রুপ থেকে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুই পক্ষের লোকজনই হতাহত হন। তাঁদের মধ্যে কামরুল ইসলাম ডিগ্রি কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি আতিয়ার রহমানকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে হরতালের সমর্থনে আজ সকাল সোয়া আটটার দিকে শহরের নিমতলা মোড় থেকে একটি মিছিল বের করে শিবির। মিছিলটি বাতেন খাঁর মোড়ে গিয়ে শেষ হয়। এ ছাড়া শহরের আর কোথায় কোনো পিকেটিং করতে দেখা যায়নি হরতাল-সমর্থকদের। এদিকে জেলার পাঁচ উপজেলায় গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে শিবির ও বিএনপির ১৫ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৩ জনই বিএনপির কর্মী-সমর্থক।
রাজশাহী: রাজশাহী নগরের কয়েকটি স্থানে সকালে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। ১৯ জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনাটি ঘটেছে নগরের সোনাদিঘি মোড়ে সড়কে। সকাল সাড়ে সাতটার দিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে সমাবেশ করার চেষ্টা করেন। এতে বাধা দেয় পুলিশ। এ সময় হরতাল-সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ও ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষ বেধে যায়। হরতাল-সমর্থকদের ছত্রভঙ্গ করতে ৪০-৪৫টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়। সেখান থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সকালে দুটি গাড়িতে আগুন এবং প্রায় ১৩টির মতো যানবাহন ভাঙচুর করেছেন পিকেটাররা। এ সময় তাঁরা ১২টি ককটেলেও বিস্ফোরণ ঘটিয়েছেন। এ ছাড়া ভোরে রূপগঞ্জের ভূলতায় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়েছেন হরতাল-সমর্থকেরা।