
সড়ক দুর্ঘটনায় গত চার দিনে ২০ জেলায় নিহত হয়েছেন অন্তত ৪৪ জন। এর মধ্যে অনেকেই পবিত্র ঈদুল ফিতরে স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাওয়ার পথে বা বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে সড়কে দুর্ঘটনার শিকার হন।
এ নিয়ে গত ১৩৫ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়কে প্রাণ গেল ১২১৫ জনের। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে প্রথম আলোর ঢাকাসহ সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানের কর্মকর্তাসহ ছয়জন মারা গেছেন। তাঁরা হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কমার্শিয়াল অফিসার মঈন উদ্দিন ভূঁইয়া (৫৫), মুদি ব্যবসায়ী সহিদ হোসেন (৫০), স্কুলছাত্র নূরে আলম ওরফে সিয়াম (১৩), পথচারী মোহাম্মদ আলী (৪৫) ও আলমগীর হোসেন (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা এক শিশু (১১)। দুর্ঘটনাগুলোর মধ্যে গতকাল সকালে মঈন উদ্দিন কয়েকজন সহকর্মীর সঙ্গে মাইক্রোবাসে হযরত শাহজালাল বিমানবন্দর এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। খিলক্ষেত হোটেল রিজেন্সির সামনে চাকা ফেটে মাইক্রোবাসটি উল্টে পাশের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে মঈন উদ্দিনসহ অন্যরা আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে মঈন উদ্দিনকে মৃত ঘোষণা করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন। এ ছাড়া মঙ্গলবার বিকেলে খিলগাঁও উড়ালসড়কের কাছে মিনিবাসের ধাক্কায় রিকশায় থাকা মুদি ব্যবসায়ী সহিদ, সোমবার দুপুরে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী স্কুলছাত্র নূরে আলম, রোববার সকালে আগারগাঁওয়ে আইডিবি ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় মিনিবাসের ধাক্কায় পথচারী মোহাম্মদ আলী, একই দিন রাতে মহাখালী উড়ালসেতুর ওপর সড়ক দুর্ঘটনায় মারা যায় অজ্ঞাতনামা এক পথশিশু এবং দুপুরে শাপলা চত্বরে আলমগীর নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ঢাকার ধামরাইয়ে গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্স গাছের সঙ্গে ধাক্কা লেগে এক পরিবারের তিনজনসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম (২৮), শিরিনা বেগম (৩৫), মোস্তফা সরদার (৪৫) ও অ্যাম্বুলেন্সের চালক আবদুর রহিম ভূইঁয়া (৩৫)।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। গত রোববার, সোমবার ও গতকাল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব, মদনপুরÑভুলতা-জয়দেবপুর (ঢাকা বাইপাস) সড়কের পলখান ও কাঞ্চন-কুড়িল (বিশ্বরোড) সড়কের হারারবাড়ী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। রোববার বিকেলে পলখান এলাকায় ট্রাকচাপায় নিহত হন ট্রাকচালকের সহকারী মো. হাসান (২৫)। রাতে তারাব এলাকায় ট্রাকচাপায় খাবার হোটেল ব্যবসায়ী বিপ্লব হোসেন (২৮) নিহত হন। সোমবার বিকেলে হারারবাড়ীতে অজ্ঞাতনামা এক ব্যক্তি (২৪) মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে প্রাণ হারান। এ ছাড়া গতকাল সকালে তারাব এলাকায় লেগুনাচাপায় আয়েশা বেগম (৫০) নামের এক নারী নিহত হন।
রাজশাহীতে গত তিন দিনে শিশু ফারিহা খাতুন (৫), পোশাকশ্রমিক শরীয়ত উল্লাহ (৩৫) ও হোটেল-মালিক মকবুল হোসেন (৩৮) নিহত হন। আহত হন পাঁচজন। সোমবার সকালে নগরের বিনোদপুরে রাজশাহী-নাটোর সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ফারিহা, মঙ্গলবার সকালে মোহনপুর থানার মোড়ে বাসচাপায় মকবুল ও গতকাল দুপুরে ভদ্রা এলাকায় যাত্রীবাহী বাস পথচারীদের ওপর উঠে গেলে শরীয়ত উল্লাহ নিহত হন।
ফরিদপুরের নগরকান্দার জিয়াকুলিতে রোববার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে আঘাত করলে তিন পথচারীসহ চারজন নিহত হন। তাঁরা হলেন পথচারী ইমরান তালুকদার (২৭), মিজানুর রহমান ও আইয়ুব খন্দকার (৭) ও এর চালক সোহেল মীর (২৭)। দুর্ঘটনায় আহত এক নারী ও চার শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবানের লামায় সোমবার সকালে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় শিশুসহ ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন জাহেদুল ইসলাম (১০), ছরোয়ার হোসেন (১২), আসাদ (১২) ও মঞ্জুর আলম (৪২)। আহত লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রীবোঝাই একটি জিপগাড়ি অপর এক গাড়িকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় গতকাল সকালে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ এবং অটোরিকশার চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক কলেজছাত্র নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলের আরোহী আনোয়ার হোসেন (৩৫) ও শরিফুল ইসলাম (২০) এবং কলেজছাত্র সবুজ হোসেন (২২)।
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার কালাপানি এলাকায় গতকাল সকালে একটি লোকাল বাস গাছে ধাক্কা লেগে উল্টে গেলে মা ও শিশুসন্তানসহ তিনজন নিহত ও ১৫ জন আহত হন। নিহত তিনজন হলেন রিপনা বেগম (২৪) এবং তাঁর সন্তান জান্নাতুল ফেরদৌস (৪) ও তরিকুল (২০)।
বরগুনার আমতলী-তালতলী সড়কের আলীর বন্দর নামক স্থানে গতকাল দুপুরে যাত্রীবাহী বাস একটি মাহেন্দ্রকে ধাক্কা দিলে সেটি থেকে রাস্তায় ছিটকে পড়ে আরেক বাসের চাপায় মা সুখী বেগম (২২) ও তাঁর মেয়ে আয়শা (৪) নিহত হয়।
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় মঙ্গলবার পিকআপ ভ্যানের চাপায় দাদা ও নাতনি নিহত হয়েছেন। তাঁরা হলেন মো. সোবহান ও সুমি (১২)।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুর মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে গতকাল ভোরে মাইক্রোবাসের চাপায় পোশাকশ্রমিক সখিনা বেগম (৩৫) নিহত হয়েছেন।
পিরোজপুরের মঠবাড়িয়ার মাঝেরপুল নামক স্থানে মঠবাড়িয়া-তুষখালী সড়কে সোমবার দুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইব্রাহিম জামাদ্দার (১৮) নামের দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।
এ ছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে সোমবার প্রাইভেটকারের ধাক্কায় কলেজছাত্র ফাহাদ মৃধা (২০) নিহত ও মঙ্গলবার ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী সোমাইয়া আক্তারসহ তিনজন আহত হয়েছেন। যশোরের মনিরামপুরে সোমবার দুপুরে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী বৃষ্টি খাতুন (১৩) নিহত হয়। গোপালগঞ্জে ভেন্নাবাড়ীতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে গতকাল পিকআপ ভ্যান খাদে পড়ে দীলিপ কুমার সরকার (৫০) নামের এক শ্রমিক নিহত ও ১০ শ্রমিক আহত হন। নাটোরের গুরুদাসপুরে মঙ্গলবার রাতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক কানু মণ্ডল (৩৬) নিহত হন। মেহেরপুরে সোমবার সকালে একটি আলগামন গাড়ির চাপায় নিহত হন আমানাউল্লাহ আমান নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একজন শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। বরিশালের গৌরনদীতে বরিশাল-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র রাব্বি হাওলাদার (১২) নিহত হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার বিকেলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে লিটন জমাদ্দার (৪০) নামের এক আরোহী, সাতক্ষীরায় তালায় মঙ্গলবার দুপুরে পিকআপের ধাক্কায় কৃষক আবদুস ছাত্তার মাহমুদ (৫৫), ঠাকুরগাঁওয়ের বালিয়া-ডাঙ্গীতে গতকাল সকালে ট্রাক্টরের চাপায় আবদুল মজিদ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।