২০ দণ্ডপ্রাপ্তকে ক্ষমা রাষ্ট্রপতি পদকে বিতর্কিত করবে: বিএনপি
নাটোরে বহুল আলোচিত গামা হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া ২০ আসামিকে ক্ষমা করার ঘটনায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বিতর্কিত করে তুলতে পারে বলে মনে করছে বিএনপি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘আদালতের প্রক্রিয়া শেষ না করে এভাবে দণ্ড মওকুফের ফলে রাষ্ট্রপতিকে বিতর্কিত করা হয়েছে বলে আমরা মনে করি। এরূপ প্রক্রিয়া আইনের শাসনের পরিপন্থী। এর ফলে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমরা এই প্রক্রিয়ার প্রতিবাদ জানাচ্ছি।’সাজা মওকুফে সংবিধানের ৪৯ ধারায় রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতার কথা উল্লেখ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘দণ্ড মওকুফ চ্যালেঞ্জ করছি না। কিন্তু উচ্চ আদালতের প্রক্রিয়াগুলোকে স্বাভাবিক নিয়মে চলতে না দিয়ে যেভাবে গামা হত্যা মামলার আসামিদের ক্ষমা করা হয়েছে, তাতে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে যে এটি পূর্বপরিকল্পিত কি না।’বিএনপি-জামায়াত জোট সরকারের ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের ভাতিজা সাব্বির আহম্মদ ওরফে গামা হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ২০ আসামিকে গত সোমবার ক্ষমা করেন রাষ্ট্রপতি। এরপর এ মামলায় কারাগারে থাকা ১৪ জন মুক্তিও পেয়েছেন, যাঁরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নাটোরের নেতা-কর্মী। এর প্রতিক্রিয়ায় গতকাল বিএনপির আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলটির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন, রুহুল কবির রিজভী, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।