২০ দফা নিয়ে চুক্তি না হলে আন্দোলন চা-শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল বুধবার বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের লংলা ভ্যালি কমিটির আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। এতে বক্তারা চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ ২০ দফা দাবির বিষয়ে চুক্তি না হলে আন্দোলনের হুমকি দেন।
চা-শ্রমিকদের সূত্রে জানা গেছে, চা-শ্রমিক ইউনিয়নের সঙ্গে চা-বাগানের মালিকপক্ষের সংগঠন বাংলাদেশীয় চা-সংসদের দ্বিপক্ষীয় চুক্তি হয়। ২০১৪ সালের ১০ আগস্ট চা-শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি নির্বাচিত হয়। পরে ওই কমিটির পক্ষ থেকে ২০ দফা দাবি চা-সংসদের কাছে তুলে ধরা হয়। এসব দাবির মধ্যে মজুরি ২০০ টাকা করা, দুই মাসের মজুরির সমান উৎসব ভাতার বিষয় উল্লেখ রয়েছে। দাবির বিষয়ে ইতিমধ্যে উভয় পক্ষের নয়টি বৈঠক হয়েছে। কিন্তু মজুরিসহ কয়েকটি দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে চুক্তি সম্পাদনে বিলম্ব হচ্ছে।
বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাজারের শমসেরনগর সড়কে সংগঠনের কার্যালয়ে ওই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন লংলা ভ্যালি কমিটির সভাপতি শহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরি, কার্যকরী সভাপতি সিউধন কর্ম প্রমুখ।