২০ দল সাপের মতো দংশন করছে: প্রধানমন্ত্রী

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট বিষধর সাপের মতো বাংলাদেশকে দংশন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘একদিন পত্রিকায় বেরোল পাকিস্তান থেকে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে, এগিয়ে যাচ্ছে। এর পরপরই আমি দেখি কোনো কিছু নাই, কোনো কথা নাই হঠাৎ আমাদের একটি রাজনৈতিক দল ও তাদের দোসর, ২০ দল। সেই ২০ দল যেন এখন বাংলাদেশের জন্য একটা বিষফোঁড়া হয়ে গেছে এবং বিষধর সাপের মতো এখন বাংলাদেশকে দংশন করছে। ’
আজ শনিবার বিকেলে রাজধানীর গ্রিনরোডে পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় ‘পানি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় প্রধানমন্ত্রী ‘ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং ভবন’ এবং ‘সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস ভবন’-এরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তারা (২০ দল) আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছে। বাসে যাতায়াত করে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তাদের জীবনের কোনো মূল্য নেই যে তাদের এভাবে পুড়িয়ে মারা হবে। দুই বছরের ছোট্ট শিশু সেও রেহাই পায় না। এটা কোন ধরনের আন্দোলন। ’
২০ দল আন্দোলনের নামে দরিদ্র মানুষের পেটে লাথি মারছে, মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘দরিদ্র খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত, দিনমজুর তাঁদের জীবনযাত্রা আজ স্থবির হওয়ার পথে। তাঁদের পেটে লাথি মারছে বিএনপি-জামায়াত। কেন তারা এটা করছে? এই গরিব মানুষেরা কি মানুষ না? ’
এসএসসি পরীক্ষার মধ্যেও বিএনপির হরতাল অবরোধের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে এসএসসি পরীক্ষা। আশা করেছিলাম, এই পরীক্ষার সময় বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে মারা বন্ধ করবে। অথচ তারা অবরোধের সঙ্গে আবার ৭২ ঘণ্টা হরতাল দিয়েছে। পরীক্ষা এলেই তারা হরতাল অবরোধ দেয়। ’ শিক্ষা ক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ‘আমরা পহেলা জানুয়ারি থেকে বই দিচ্ছি। কত আশা নিয়ে তারা বসে আছে। ’
সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ায় আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল সহিংস কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ যেন ব্যাহত করতে না পারে, সে জন্য আবারও মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ’
অশুভ শক্তির সব বাধা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে, মন্তব্য করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতকে বলব এই খেলা তাদের বন্ধ করতে হবে। আজকে আমরা যখন রাষ্ট্র পরিচালনা করে মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে নিয়ে আসছি। ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে, সেখানে বিষাক্ত ছোবল মেরে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় বিএনপি-জামায়াত। ’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, পানিসচিব জাফর আহমেদ প্রমুখ।