বরিশাল জেনারেল হাসপাতালের সচল একমাত্র গভীর নলকূপটি ২০ দিন ধরে নষ্ট। পানি না থাকায় রোগী, তাঁদের স্বজন ও হাসপাতালের আবাসিক বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বাইরে থেকে পানি এনে তাঁরা প্রয়োজন মেটাচ্ছেন।
হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগ ছাড়াও আবাসিক ৪৬টি পরিবারের পানি সরবরাহের জন্য দুটি গভীর নলকূপ বসানো হয়। প্রায় তিন বছর আগে একটি নলকূপ সম্পূর্ণ অকেজো হয়ে যায়। অবশিষ্ট নলকূপটি থেকে প্রয়োজন মেটানো হচ্ছিল। কিন্তু অতিরিক্ত চাপের কারণে গত মার্চে সেটিও নষ্ট হয়ে যায়। সংস্কারের পর ১৬ সেপ্টেম্বর সেটি আবার নষ্ট হয়।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল এলাকায় মোট ১৬টি ভবনে তীব্র পানিসংকট চলছে। কোনো ওয়ার্ডে পানি নেই। দুর্গন্ধ সর্বত্র। শৌচাগারগুলো নোংরা হয়ে আছে। পানির স্তর নেমে যাওয়ায় হাসপাতাল চত্বরে থাকা নলকূপটি থেকেও পানি পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে রোগীর স্বজনেরা বাইরে থেকে পানি এনে ব্যবহার করছেন।
হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি সাদিয়া আক্তারের মা রহিমা বেগম বলেন, ‘পানি নাই। ডায়রিয়া রোগীর পানি ছাড়া এক মুহূর্তও চলে না। বাধ্য হয়ে পানির পট কিনে রাখতে হয়েছে।’
ওই ওয়ার্ডের নার্স মুন্নি পারভীন বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ড নেই। ডায়রিয়া আক্রান্ত রোগীরা ভর্তি হয় এই হাসপাতালে। এখন পানি না থাকায় তাদের সেবায় চরম বিপর্যয় দেখা দিয়েছে।
পানি-সংকটের কারণে রোগী কমে যাচ্ছে। জ্যেষ্ঠ নার্স মোসাম্মৎ সাইদুন্নেছা জানান, ১০০ শয্যার এই হাসপাতালে দিনে কমপক্ষে দেড় শ রোগী থাকত। কিন্তু এখন পানি না থাকায় রোগী কমছে। গতকাল ভর্তি ছিল মাত্র ৭৩ জন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পানি সরবরাহ বন্ধ হওয়ার বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। রোববার থেকে নতুন একটি গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে। তবে ওই নলকূপ দিয়ে দুটি ভবনের বেশি পানি সরবরাহ করা সম্ভব হবে না। স্থায়ী সমাধানের জন্য সিটি করপোরেশনের তিনটি পানির সংযোগ চালুর চেষ্টা চলছে।
নতুন নলকূপ বসানোর কাজের ব্যবস্থাপক মো. জলিল বলেন, ১০ দিনের মধ্যে পানি সরবরাহ করা সম্ভব হবে।