
চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কে প্রায় ২০ দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এখন উড়ালসড়কে পিচঢালাই (কার্পেটিং) ও এক্সপানশন জয়েন্ট স্থাপনের কাজ চলছে। এসব কাজ শেষে চলতি মাসের মাঝামাঝি সময়ে উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকৌশলীরা।
চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণাধীন উড়ালসড়কের সব কাজ শেষ না করে গত ১৬ জুন যান চলাচলের জন্য এক পাশ সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছিল। মূলত ঈদের আগে যানজট এড়াতে এ পদক্ষেপ নেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ। তবে উদ্বোধনের পরদিনই ভারী যানবাহন চলাচল বন্ধে প্রতিবন্ধকতা এবং রাতের পালায় (রাত ১০টা থেকে সকাল আটটা) ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এদিকে উদ্বোধনের প্রায় ২৫ দিন পর গত ১০ জুলাই উড়ালসড়কের অসম্পন্ন নির্মাণকাজ শেষ করতে যান চলাচল একেবারেই বন্ধ করে দেয় সিডিএ।
সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, কার্পেটিং ও এক্সপানশন জয়েন্ট (উড়ালসড়কের কয়েক জায়গায় সড়কের সমান্তরালে কংক্রিটের সংযোগস্থলগুলো মোড়ানো হয় ইস্পাতের পাত দিয়ে। একে ‘এক্সপানশন জয়েন্ট’ বলা হচ্ছে।) স্থাপনের কাজ বাকি থাকায় উড়ালসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে কার্পেটিং ও এক্সপানশন জয়েন্ট স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এসব কাজ শেষে উড়ালসড়কের দুই পাশ যান চলাচলের জন্য ১৫ আগস্টের মধ্যে খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
গত সোম ও মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উড়ালসড়কের দুই প্রান্তেই প্লাস্টিকের সড়ক বিভাজক দিয়ে প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে। ফলে গাড়ি ওঠা-নামা করতে পারছে না। তবে প্রকল্প কাজে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি চলাচল করতে দেখা গেছে।
উড়ালসড়কের মুরাদপুর প্রান্তে দায়িত্ব পালনরত নিরাপত্তারক্ষী নুরুল ইসলাম ও খোরশেদ আলম জানান, উড়ালসড়কে সাধারণ মানুষের গাড়ি উঠতে দেওয়া হয় না।
সিডিএ সূত্র জানায়, র্যাম্প (গাড়ি ওঠা-নামার পথ) ও লুপসহ (উড়ালসড়ক থেকে বাঁক নিয়ে অন্য রাস্তায় সংযুক্ত করা) উড়ালসড়কের মোট দৈর্ঘ্য ৬ দশমিক ৮ কিলোমিটার। এর মধ্যে মূল অংশের দৈর্ঘ্য (মুরাদপুর থেকে লালখান বাজার) ৩ দশমিক ৭ কিলোমিটার। পুরো প্রকল্পে ব্যয় হচ্ছে ৬৯৬ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার টাকা।