২০ দিন পর কবর থেকে তোলা হলো শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে দাফনের ২০ দিন পর কবর থেকে এক শিশুর লাশ তুলেছে পুলিশ। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের মজিদ আব্বাস চৌধুরীবাড়ির কবরস্থান থেকে লাশটি তোলা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ আবার দাফন করা হয়েছে।
জিন তাড়ানোর নাম করে আতিক উল্লাহ চৌধুরী (৮) নামের ওই শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করে। এ ঘটনায় রোজি আক্তার নামের এক নারী বৈদ্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাঈল বলেন, আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুটির লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে আবার একই কবরে লাশটি দাফন করা হয়। এ ঘটনায় করা মামলার তদন্ত চলছে। গ্রেপ্তারকৃত নারী কারাগারে রয়েছেন।
৪ নভেম্বর উপজেলার চিকনদণ্ডী এলাকার রুজি আক্তারের শিশুপুত্র আতিকের পেটে ব্যথা শুরু হয়। পরে তাঁদের প্রতিবেশী নারী বৈদ্য রোজি আক্তার শিশুটিকে জিনে ধরেছে বলে তাঁর ঘরে নিয়ে ঝাড়ফুঁক দেন। পরদিন সকালে তিনি শিশুটির মাকে বলেন, জিনে শিশুটিকে মেরে ফেলেছে। বিষয়টি কাউকে জানালে মা-বাবারও ক্ষতি হবে বলে ভয় দেখান তিনি। পরে কাউকে কিছু না জানিয়ে শিশুটির লাশ দাফন করে ফেলে পরিবার।
একপর্যায়ে বিষয়টি এলাকায় জানাজানি হলে লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। ১১ নভেম্বর শিশুটির মা বৈদ্য রোজি আক্তারকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেন। পুলিশ পরদিন রোজিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
শিশুটির মা রুজি আক্তার বলেন, তাঁর স্বামী বিদেশে থাকেন। বৈদ্যর ভয়ে প্রথমে থানায় মামলা করেননি। এখন তিনি ছেলে হত্যার বিচার চান।
আতিক স্থানীয় প্রিমিয়ার পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। স্কুলের অধ্যক্ষ ইয়াছিন সেলিম বলেন, আসামির দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী কিছুদিন আগে মানববন্ধন কর্মসূচি পালন করেন।