২০ দিন পর ফিরলেন কালা মিয়া
২০ দিন পর খোঁজ মিলেছে নিহত দম্পতি সাগর-রুনির বাসার নিরাপত্তাকর্মী হুমায়ুন ওরফে এনামুলের বাবা মকবুল হোসেন ওরফে কালা মিয়ার। গত ২৭ সেপ্টেম্বর অজ্ঞাতনামা ব্যক্তিরা মাইক্রোবাসে করে তাঁকে ধরে নিয়ে যায়। সাগর-রুনির বাসার নিরাপত্তাকর্মী হুমায়ুনকে ধরার জন্য ৯ অক্টোবর সংবাদ সম্মেলনে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে গত ২৭ সেপ্টেম্বর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দহলিয়া গ্রাম থেকে অপহূত হন হুমায়ুনের ঘাটোর্ধ্ব বাবা কাঠমিস্ত্রি কালা মিয়া।কালা মিয়ার দ্বিতীয় স্ত্রীর ভাই হারুনুর রশীদ বলেন, গত বুধবার রাতে অপহরণকারীরা কালা মিয়াকে ভৈরবের রাস্তার ওপরে নামিয়ে দেয়। ধরে নিয়ে যাওয়ার সময় তাঁর পকেটে যে টাকা ছিল, সেগুলো ফেরত দেওয়া হয়। কালা মিয়া সেই টাকা দিয়ে বাসে সিলেটে আসেন। পরে পরিবারের লোকজন গতকাল ভোরে সিলেট থেকে তাঁকে বাড়িতে আনেন।হারুনুর রশীদ জানান, মাইক্রোবাসে তোলার পরপরই কালা মিয়ার চোখ বেঁধে ফেলা হয়। এরপর তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়, তা তিনি বুঝতে পারেননি। কারা তাঁকে ধরে নিয়েছে, তা-ও বলতে পারছেন না তিনি। তবে অপহরণকারীরা তাঁকে আটকে তাঁর ছেলে হুমায়ুন ওরফে এনামুলের ব্যাপারে তথ্য জানতে চায়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, বাড়ি ফেরার পর থানায় এসেছিলেন কালা মিয়া। তিনি সুস্থ রয়েছেন। তাঁকে নির্যাতনের তথ্য পাওয়া যায়নি।