২০ দিন পর মিলল নিখোঁজ অটোবাইকচালকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের ২০ দিন পর পাবনার ঈশ্বরদীতে ব্যাটারিচালিত অটোবাইকের (মালিক) চালক শান্ত মোল্লার (১৮) লাশ উদ্ধার করেছেন পাবনা র্যা ব-১২-এর সদস্যরা। গতকাল বুধবার উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগরের একটি লিচুবাগানের মাটি খুঁড়ে শান্তর লাশ উদ্ধার করা হয়।
হত্যায় জড়িত থাকার অভিযোগে র্যা বের সদস্যরা পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া পাঁচ যুবক সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য বলে র্যা ব জানিয়েছে। তাঁরা হলেন উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়ার রবি সরদারের ছেলে শান্ত (২২), বড় ইচরার মিজান বিশ্বাসের ছেলে চমন বিশ্বাস (২২), আজিবর প্রামাণিকের ছেলে শাহজাহান প্রামাণিক (২১), জয়নগরের সামাদ প্রামাণিকের ছেলে মাসুদ প্রামাণিক (২১) ও মিরকামারী গ্রামের সারওয়ার সরদারের ছেলে রাজু সরদার (২০)।
ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই তালুকদার বলেন, গ্রেপ্তার হওয়া আসামিরা বর্তমানে র্যা ব হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের জন্য শান্তর লাশ গতকাল বিকেলে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ২০ অক্টোবর থেকে শান্ত নিখোঁজ ছিলেন। তাঁর অটোবাইকটি ভাড়া নেওয়ার কথা বলে ছিনতাইকারী চক্র মুঠোফোনে তাঁকে ডেকে নিয়ে যায়।
শান্তর বাবা লুলু মোল্লা অভিযোগ করেন, অটোবাইক ছিনিয়ে নিতেই তাঁর ছেলেকে খুন করা হয়েছে।
র্যা ব-১২ পাবনা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈশ্বরদীর নারিচা এলাকার লুলু মোল্লার ছেলে শান্ত মোল্লা গত ২০ অক্টোবর সন্ধ্যায় অটোবাইক ভাড়ায় চালানোর জন্য বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরদিন তাঁর চাচা সাবান মোল্লা থানায় সাধারণ ডায়েরি করেন। তিন দিন পর ২৩ অক্টোবর সলিমপুরের কদিমপাড়া বাজারমুখী পাকা রাস্তার পাশে শান্তর অটোবাইকের অংশবিশেষ পাওয়া যায়। পাবনা র্যা ব ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার প্রথমে জয়নগর বাবুপাড়ার শান্তকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বলেন, ঘটনার দিন চমন ও শাহজাহান ফোন-ফ্যাক্সের একটি দোকান থেকে শান্তকে ফোন করে ডেকে আনেন জয়নগর এলাকায়। পরে সবাই মিলে শান্তকে নিকটবর্তী হাজীপাড়া লিচুবাগানে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন। অটোবাইকটি ছিনিয়ে নিতেই এ কাজ করেন তাঁরা। শান্তর মৃত্যু নিশ্চিত করে শাহজাহান, মাসুদ, রাজু ও চমন অটোবাইকটি নিয়ে রাজুর বাড়িতে যান। সেখান থেকে কোদাল এনে ঘটনাস্থলে ফিরে শান্তর লাশটি মাটিতে পুঁতে রাখেন। এরপর আবার রাজুর বাড়িতে এসে অটোবাইকের যন্ত্রাংশ খুলে বাকী অংশ বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেন।
থানা সূত্রে জানা গেছে, আটোবাইকের চালক শান্ত নিখোঁজ হওয়ার ঘটনা সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করার পর সেটি ৫ নভেম্বর মামলা হিসেবে নেওয়া হয়। এর বাদী হন শান্তর বাবা।