২০ দিন বাল্কহেড-কার্গো চলাচল নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযানের নিরাপত্তায় ঈদুল ফিতরের আগে-পরে ২০ দিন বরিশাল-ঢাকা নৌপথে বাল্কহেড ও কার্গো চলাচলে এবং মাছ ধরার জাল ফেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নৌপুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পৃথক বৈঠক করে ওই নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, পর্যাপ্ত বয়া-বাতি স্থাপন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ নানা উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদে বরিশাল-ঢাকা নৌপথ নিরাপদ রাখতে ও যাত্রী হয়রানি বন্ধ করতে নৌপুলিশ ও বিআইডব্লিউটিএর পৃথক বৈঠক হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, লঞ্চ মালিক সমিতি, লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, র্যা ব, কোস্টগার্ডসহ নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিনিধিদের সঙ্গে গত বুধবারসহ কয়েক দিন ওই বৈঠক হয়। বৈঠকে ঈদে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরার সব ব্যবস্থা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনার মধ্যে রয়েছে, ১৪ জুলাই থেকে ২০ দিন বরিশাল-ঢাকা নৌপথে মাছ ধরার জাল ফেলা এবং বাল্কহেড ও কার্গো চলাচলের ওপর নিষেধাজ্ঞা, নৌবন্দরের পন্টুন, জেটি ও স্টিমারঘাট সম্পূর্ণ ব্যবহার উপযোগী করা, ডুবোচর চিহ্নিত স্থানে পর্যাপ্ত বয়া-বিকন বাতি ও মার্কা স্থাপন করা, প্রত্যেক লঞ্চে প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত মাস্টার-চালক নিশ্চিত করা। লঞ্চে পর্যাপ্ত জীবন রক্ষার বয়া রাখা, অগ্নিনির্বাপণ-ব্যবস্থা সচল রাখা, নৌবন্দর হকারমুক্ত রাখা, তল্লাশি শেষে নৌবন্দরে প্রবেশ করতে দেওয়া, লঞ্চ বন্দর ত্যাগের আগে কেবিন ও ডেকে তল্লাশি করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্দরে পর্যাপ্ত পুলিশ, র্যা ব, আনসার মোতায়েন করা। বন্দর এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা, যাত্রীদের সচেতন করতে সার্বক্ষণিক মাইকযোগে প্রচারের ব্যবস্থা, বন্দরে যৌথভাবে নিয়ন্ত্রণকক্ষ চালু করা। এ ছাড়া বন্দর এলাকায় ছিনতাই, পকেটমার ও মলম পার্টির দৌরাত্ম্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি করা।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএর বরিশালের নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার বলেন, ঈদে যাত্রীদের নিরাপত্তা দিতে যৌথ বৈঠক করা হয়েছে। বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আছে নৌপথে রাতে কার্গো ও বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা। নৌপথ ঝুঁকিমুক্ত রাখতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনোভাবেই লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে দেওয়া হবে না। বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যাত্রী নিরাপত্তায় বিআইডব্লিউটিএ, প্রশাসন ও লঞ্চ মালিক সমিতি একযোগে কাজ করবে।