২০ দিনে নিহত ১০০ ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পুড়ছে বসতঘর। লালমনিরহাটের পাটগ্রামের মির্জাকোট গ্রামে গতকাল সকালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের বাড়িতে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। এর আগে পুলিশের সঙ্গে তাঁদের ব্যাপক সংঘর্ষ হয় । ছবি: প্রথম আলো
আগুনে পুড়ছে বসতঘর। লালমনিরহাটের পাটগ্রামের মির্জাকোট গ্রামে গতকাল সকালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের বাড়িতে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। এর আগে পুলিশের সঙ্গে তাঁদের ব্যাপক সংঘর্ষ হয় । ছবি: প্রথম আলো

রাজনৈতিক সহিংসতায় গত ২০ দিনে সারা দেশে ১০৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গতকাল রোববার নিহত হন আটজন। তাঁদের মধ্যে লালমনিরহাটের পাটগ্রামে চারজন, জয়পুরহাটে তিনজন ও লক্ষ্মীপুরের রায়পুরে একজন নিহত হন। এ ছাড়া গত শনিবার নারায়ণগঞ্জে আহত রাসেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন।
এই ২০ দিনে নাশকতায় রেল ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে যানবাহন, ঘরবাড়ি, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে।
নির্বাচন কমিশন গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে তিন দিনের রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধের কর্মসূচি দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এরপর শুরু হয় সহিংসতা, নাশকতা। ৩০ নভেম্বর থেকে ১৩১ ঘণ্টা এবং ৭ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ছয়টা পর্যন্ত অবরোধ চলে। এ সময় নিহত হন ৭৫ জন।
এদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল ১০ ডিসেম্বর রাতে। সেই রাতে তা স্থগিত হয় এবং রায় কার্যকর হয় বৃহস্পতিবার রাতে। ওই রায় কার্যকরকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকে গতকাল পর্যন্ত সহিংসতায় প্রাণ হারান ৩০ জন। রায় কার্যকরের প্রতিবাদে জামায়াত গতকালও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল।
লালমনিরহাটে চারজন নিহত: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকাল সাতটার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরেয়ার বাজারে লালমনিরহাট-বুড়িমারী সড়কে হরতাল-সমর্থকেরা যানবাহন ভাঙচুর শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা ককটেল ছোড়েন। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহতদের মধ্যে গুলিবিদ্ধ উপজেলা শিবিরের সভাপতি মনিরুল ইসলাম (২৫) ও কর্মী আবদুর রহিমকে (২৬) পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। গুলিবিদ্ধ শিবিরের কর্মী সাজু মিয়াকে (২২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান।
সংঘর্ষের জেরে সকাল সাড়ে নয়টার দিকে সরেয়ার বাজার এলাকায় পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আনসার-ভিডিপির কমান্ডার আমিনুর রহমানের চালকল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাদের এলাহী ও তাঁর পাঁচ ভাইয়ের বাড়ি এবং জাতীয় পার্টির উপজেলা আহ্বায়ক কুদরত এলাহীর বাড়িসহ ১৫টি বাড়িতে আগুন দেয় জামায়াত-শিবির। কুদরতের বাড়িতে একটি মাইক্রোবাসেও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর করা হয় ২০টি বাড়ি ও দোকানে।
ফায়ার সার্ভিস ও পুলিশের সঙ্গে পাটগ্রাম পৌর এলাকা থেকে ঘটনাস্থলে যান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আগুন নিভিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ চলে যাওয়ার পর জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালালে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এ সময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মিন্টুকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়। আহত হন পৌর আওয়ামী লীগের দুজন নেতা। এর জেরে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সভাপতি আছির উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ, জামায়াতের নেতা এরশাদ হোসেনের বাড়ি ও দোকান এবং পাটগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি রানার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেন আওয়ামী লীগের কর্মীরা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, পুলিশ আত্মরক্ষার জন্য গুলি ছোড়ে।
লালমনিরহাট-বুড়িমারী সড়কের পাটগ্রামের বাউরা রেলগেট থেকে মমিনপুর কবরস্থান পর্যন্ত অন্তত আট কিলোমিটারজুড়ে গাছ কেটে ও নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। সরেয়ার বাজার ও বাউরা স্টেশন এলাকায় রেললাইনের ক্লিপ খুলে ফেলায় সকাল থেকে লালমনিরহাট-বুড়িমারী পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাটগ্রামে বেলা তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
জয়পুরহাটে সংঘর্ষে নিহত ৩: বেলা আড়াইটায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল বাজার এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। এ সময় কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যালকনিতে পাঁচটি পেট্রলবোমা ছোড়া হয়। বিজিবি, র্যাব ও পুলিশ হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে জামায়াত-শিবিরের কর্মীরা হালট্টিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ককটেল, ইটপাটকেল ও তির ছোড়েন। জবাবে পুলিশ ও র্যাব কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে হালট্টি গ্রামের ভ্যানচালক ফিরোজ হোসেন, ইনছান আলী ও জলাটুল গ্রামের শাকিব হোসেন নিহত হন। গুলিবিদ্ধ হন আরও ছয়জন। সংঘর্ষের পর জয়পুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
জয়পুরহাট শহর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আবদুল মোমিন ফকির দাবি করেন, হতাহত ব্যক্তিরা তাঁদের কর্মী।
ছাত্রলীগের নেতাকে কুপিয়ে হত্যা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ভাঁটের মসজিদ এলাকায় বিকেলে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলামকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা ও ছাত্রলীগের কর্মী মাসুদ হোসেনকে জখম করে। নিহতের পরিবার ও উপজেলা আওয়ামী লীগের দাবি, জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা পরিকল্পিতভাবে মিরাজকে হত্যা করেছে।
মিরাজ হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন সন্ধ্যা সাতটায় জামায়াতের নেতাদের মালিকানাধীন পৌরসভার মিরগঞ্জের আইডিয়াল স্কুল পুড়িয়ে দেয়।
রায়পুর পৌর জামায়াতের আমির ইসমাইল হোসেন বলেন, জামায়াত-শিবির এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
এদিকে নারায়ণগঞ্জের সানারপাড়ে শনিবার জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত রাসেল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন।
বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ: গত শনিবার রাতে সিরাজগঞ্জের সদর উপজেলায় সিরাজগঞ্জ-সদানন্দপুর সড়কের কোনাগাতি বেইলি সেতুর একটি পাটাতন খুলে ফেলেন হরতাল-সমর্থকেরা। রাত পৌনে দুইটার দিকে ওই সেতু পার হওয়ার সময় পণ্যবাহী দুটি ট্রাক খাদে পড়ে যায়। জামায়াত-শিবিরের কর্মীরা নলকা বেইলি সেতুর পাটাতন খোলার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া ভোররাত পাঁচটার দিকে সদর উপজেলার বাঐতারায় বেইলি সেতুর চারটি পাটাতন খুলে ফেলেন তাঁরা। সেখানে একটি ব্যক্তিগত গাড়িতে আগুন দেওয়া হয়। বেলা ১১টায় খোকশাবাড়ীতে পিকেটাররা পুলিশের পিকআপে ককটেল ছুড়লে দুই কনস্টেবল আহত হন।
চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের সদর উপজেলার বোয়ালমারীতে গাছ কেটে সড়ক অবরোধ করে জামায়াত-শিবির। রংপুরের পীরগাছায় শনিবার রাতে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে রেললাইন পাহারায় নিয়োজিত চার আনসার সদস্যকে হাত-পা বেঁধে ২৫২ ফুট রেললাইনের ফিশ প্লেট ও ক্লিপ উপড়ে ফেলে। এতে একটি টহল ট্রেন লাইনচ্যুত হয় এবং ভোর থেকে দিনাজপুর-ঢাকা, লালমনিরহাট-সান্তাহার ও ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকে।
রাজশাহীর বিনোদপুরসহ ছয়টি স্থানে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। কাটাখালীতে সংঘর্ষের পর পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করে পুলিশ।
শনিবার রাতে পাবনার সাঁথিয়া উপজেলা সদরে জামায়াত-শিবির দোকানপাট ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। আওয়ামী লীগ-সমর্থকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবিনিময়ে উভয় পক্ষের ১৫ জন আহত হন। ভোররাতে আটঘরিয়ার সঞ্জয়পুর কলাবাগান এলাকায় একটি বাসে আগুন দেয় জামায়াত-শিবির।
দিনাজপুরের পাঁচবাড়ীতে শনিবার রাত সাড়ে ১২টায় একটি ধানবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়।
সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কের আদাজুড়ি ও ভৈরমপুর বেইলি সেতুর দুই পাশের রাস্তা কেটে যান চলাচল বন্ধ করে দেন জামায়াতের কর্মীরা। দুপুরে সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পশ্চিম সিকদার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের কাছে সর্বজনীন কালী ও শিতলামন্দির আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
মাগুরার শালিখা উপজেলার রামানন্দপুরে শনিবার রাত দুইটার পর হরতাল-সমর্থকেরা তুলাবোঝাই একটি ট্রাক আগুনে পুড়িয়ে দেন।
চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নে শনিবার রাতে শিবিরের কর্মীরা যুবলীগের নেতা মোহাম্মদ রফিকের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। গতকাল তাঁরা চট্টগ্রাম-কক্সবাজার ও সাতকানিয়া-বাঁশখালী সড়কে সবজিবাহী ট্রাকসহ ১৭টি গাড়ি ভাঙচুর করেন।
সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল করে রাস্তায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর করা হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ বিএনপি-জামায়াত-শিবিরের ১০ কর্মীকে গ্রেপ্তার করে।
সাতক্ষীরার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে, সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত-শিবির।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন প্রথম আলোর সংশ্লিষ্ট নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা]