গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে মেয়েকে নিয়ে বাবার আত্মাহুতির ঘটনার ২০ দিনেও মামলার তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এজাহারভুক্ত সাত আসামির একজন গ্রেপ্তার হলেও বাকি ছয়জন পলাতক রয়েছেন।
গত ২৯ এপ্রিল শ্রীপুর উপজেলার কর্ণপুর সিটপাড়া গ্রামের হজরত আলী তাঁর পালিত মেয়ে আয়েশা আক্তারকে (৮) নিয়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন। পরে হজরত আলীর স্ত্রী হালিমা বেগম কমলাপুর রেলওয়ে থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় কর্ণপুর গ্রামের ফারুক হোসেন, আ. খালেক, ফাইজুদ্দিন, পটকা গ্রামের বোরহান, আবদুল হামিদ, শাহিদ ও গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন বেপারীকে আসামি করা হয়। ঘটনার দিনই পুলিশ আবুল হোসেনকে গ্রেপ্তার করে।
হালিমা বেগম বলেছেন, মেয়ের শ্লীলতাহানি ও প্রতিবেশীদের হামলার হুমকির বিচার না পেয়ে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হজরত আলী।
গত বুধবার দুপুরে হালিমার বাড়িতে গিয়ে দেখা যায়, হজরত আলীর ভিটায় দিনরাত পালা করে থানা-পুলিশ পাহারা দিচ্ছে। ঘরে হালিমা বেগমকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, ‘শুনেছি, পুলিশ নাকি আসামিদের ধরার জন্য চেষ্টা করছে।’
মামলাটি তদন্ত করছেন কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর। তিনি প্রথম আলোকে বলেন, তিনি এ পর্যন্ত চার দিন শ্রীপুরে অভিযান চালিয়েছেন। আসামি গ্রেপ্তারে অনীহা নয় বরং গুরুত্ব দিয়েই মামলাটি তদন্ত করা হচ্ছে।
হালিমার নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা তাঁর বাড়িতে পুলিশ পালা করে দায়িত্ব পালন করছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, পুলিশের সঙ্গে গ্রাম পুলিশও দায়িত্ব পালন করছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।