২০ নভেম্বর পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, যত দিন পর্যন্ত না মন্ত্রিসভায় সিদ্ধান্ত হবে, তত দিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলতে থাকবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর।
গত মে মাসে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথসভা করে ঘোষণা দিয়েছিল, প্রাথমিক শিক্ষা এখন অষ্টম শ্রেণি পর্যন্ত করা হলো। এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, এটা বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রিসভায় প্রস্তাব পাঠাবে। শিক্ষামন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘উনি ২০১৮ সালের মধ্যেই এটা বাস্তবায়ন হবে বলে আশা করেছেন। আমিও সেই আশাই করছি।’ তবে শিক্ষা মন্ত্রণালয়ের আন্তরিকতার অভাব আছে বলে তিনি মনে করেন না।
মোস্তাফিজুর রহমান বলেন, এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২ হাজার ৮৫৭ জন ও ইবতেদায়িতে ৯০ জন বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী রয়েছে।
৭ হাজার ১৯৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১টি কেন্দ্র বিদেশে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর প্রমুখ।
২০০৯ সাল থেকে দেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করে সরকার। এই পরীক্ষা নিয়ে অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমালোচনা রয়েছে। সর্বশেষ প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত ঘোষণা দেওয়ার পর প্রথমে এ বছর থেকে এই পরীক্ষা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু মন্ত্রিসভায় এই প্রস্তাব নাকচ হয়ে যায়।