২০ নম্বরে ছাত্র ভর্তির আবদার বেসরকারি মেডিকেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমবিবিএস ও বিডিএসে ছাত্র ভর্তির ক্ষমতা চায় বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সংগঠন বিপিএমসিএ। সংগঠনটি ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ২০ পাওয়া ছাত্রছাত্রীদের ভর্তি করার আবদার জানিয়েছে।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁদের ক্ষোভ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারিশে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য পাস নম্বর ৪০ নির্ধারণ করেছে সরকার।
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ভর্তি পরীক্ষায় ৪০-এর নিচে নম্বর পাওয়া পরীক্ষার্থীরা বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হতে পারবেন না। প্রায় একই রকম নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলও (বিএমডিসি)।
তবে বিপিএমসিএ এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে।