২০ নিখোঁজ ব্যক্তির বিষয়ে আসকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাহ উদ্দিনসহ দেশের বিভিন্ন স্থানে নিখোঁজ ব্যক্তির সংখ্যা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
গতকাল রোববার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তির নিখোঁজ হওয়ার সংখ্যা বেড়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে পরিবার অভিযোগ করেছে, সাদা পোশাকে আসা ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাদের আটক করে নিয়ে গেছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আটকের এসব অভিযোগ অস্বীকার করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিভিন্ন স্থানে এ ধরনের ২০ জনকে আটকের অভিযোগ করেছে পরিবার। এদের অধিকাংশই বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত। এর মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদও রয়েছেন, যিনি ১৩ দিন ধরে নিখোঁজ।’
বিবৃতিতে বলা হয়, ‘আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনা অস্বীকার করে দায় এড়াতে চাইছেন। কিন্তু নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার দায়িত্বও আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের। সুতরাং তাঁরা আটক করেননি—এ কথা বলে দায়িত্ব এড়াতে পারেন না।’
বিবৃতিতে বলা হয়, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যেন সাদা পোশাকে কাউকে আটক করতে না পারে, সে ব্যাপারে নির্দেশনা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। এই নির্দেশ মানা হচ্ছে কি না, সেটি যাচাই করা উচিত। বিদ্যমান পরিস্থিতিতে এটি স্পষ্ট, সরকারের পক্ষ থেকে মানবাধিকার কমিশনের এ সুপারিশ কার্যকর করা হয়নি।’
বিবৃতিতে সুলতানা কামাল বলেন, ‘সরকারকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একজন ব্যক্তির নিখোঁজ হয়ে যাওয়া এবং কোনো হদিস না পাওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনায় পরিবার-পরিজনকে কী নিদারুণ মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে প্রতি মুহূর্তে কাটাতে হয়, সেটা সহজেই অনুমেয়। আমরা সরকারের প্রতি এ ব্যাপারে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানাই। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালানো এবং এ ব্যাপারে গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া সরকারের দায়িত্ব।’