২০ পৌরসভার পুনর্নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়নি
স্থগিত ২০টি পৌরসভায় পুনরায় ভোট গ্রহণ করা নিয়ে নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে আলোচনাও হয়নি। কমিশন সচিবালয়ের ব্যস্ত সময় কাটছে ২১৪টি পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গেজেট প্রকাশ করা নিয়ে।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের কারণে ২০টি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী স্থগিতের মধ্যে আছে নরসিংদীর মাধবদী পৌরসভা (১২টি ওয়ার্ড)।
আংশিকভাবে স্থগিত করা হয় ১৯টি পৌরসভার ৩৯টি কেন্দ্র। এগুলো হলো নোয়াখালীর চৌমুহনীতে ১০টি, মাদারীপুরের কালকিনিতে দুটি, চট্টগ্রামের চন্দনাইশে তিনটি, কুড়িগ্রামের উলিপুরে দুটি, কুমিল্লার বরুড়াতে একটি, ময়মনসিংহের ভালুকাতে একটি, জামালপুরে তিনটি ও সরিষাবাড়ীতে একটি, নড়াইলের কালিয়াতে একটি, পটুয়াখালীর কুয়াকাটায় একটি, চাঁদপুরের মতলবে একটি, বরগুনায় একটি ও বেতাগীতে একটি, নীলফামারীর সৈয়দপুরে চারটি, ফরিদপুরের নগরকান্দায় একটি, শরীয়তপুরে একটি, ঠাকুরগাঁওয়ে তিনটি, নরসিংদীতে একটি ও যশোরে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজকালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।