২০ ফাজিল পরীক্ষার্থী প্রবেশপত্রপাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী আলিয়া মাদ্রাসার ২০ জন পরীক্ষার্থী ফাজিল ফাইনাল পরীক্ষার তিন দিন আগেও প্রবেশপত্র পাননি বলে জানা গেছে। ৬ জুন থেকে তাঁদের পরীক্ষা শুরুর সময়সূচি দেওয়া হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীরা জানান, ৬ জুন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ফাইনাল পরীক্ষা শুরুর কথা রয়েছে। কিন্তু পরীক্ষার তিন দিন আগে গতকালও ২০ জন পরীক্ষার্থী তাঁদের প্রবেশপত্র পাননি বলে অভিযোগ করেছেন।

নাম প্রকাশ না করে একাধিক পরীক্ষার্থী অভিযোগ করেন, তাঁরা একাধিকবার মাদ্রাসার অধ্যক্ষ ও অফিস সহকারীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন। কর্তৃপক্ষ তাঁদের এ নিয়ে হইচই না করার পরামর্শ দেয় এবং পরীক্ষার দিন হলেও প্রবেশপত্র আসবে বলে জানায়।

এ প্রসঙ্গে জানতে চাইলে ফেনী আলিয়া মাদ্রাসার অফিস সহকারী মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ২০ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জনের রোল নম্বর এসেছে, কিন্তু প্রবেশপত্র পাওয়া যায়নি। সিট প্ল্যানে তাঁদের রোল নম্বর বসানো হবে। অপর দিকে চারজন শিক্ষার্থী অনিয়মিত ছিলেন। তাঁদের বিষয়ে আগেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেই তাঁদের সবার পরীক্ষার ফরম পূরণ করা হয়। যেহেতু তাঁরা সবাই ফরম পূরণ করেছেন এবং তাঁদের থেকে পরীক্ষার ফি আদায় করে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। তাঁরা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তিনি নিজে (অফিস সহকারী) বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওই ১৬ জনসহ ২০ জনের প্রবেশপত্র পরীক্ষার আগের দিন হলেও নিয়ে আসবেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মাহমুদুল হাসান জানান, তিনি বিষয়টি অবগত আছেন। ওই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।