২০ বছর আগের টিকিট দিয়ে চলছে মেইল ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) মেইল ট্রেনের টিকিট নিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে যাত্রীদের বচসা নিত্যদিনের ঘটনা। রেলওয়ে কর্তৃপক্ষ ২০ বছর আগের ছাপানো টিকিট যাত্রীদের সরবরাহ করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে দেখা গেছে, উপজেলার সিদলাই গ্রামের আবদু মিয়া (৬২) ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তেজগাঁও যাওয়ার জন্য এ স্টেশন আসেন। তিনি টিকিট কেনার জন্য কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলমকে ১০০ টাকার নোট দেন। টিকিটসহ তাঁকে ৬০ টাকা ফেরত দেওয়া হয়। আবদু মিয়া নিরক্ষর হওয়ায় তিনি মনির হোসেন নামের আরেক যাত্রীর মাধ্যমে টিকিটটি যাচাই করেন। মনির হোসেন আবদু মিয়াকে জানান, টিকিটটি তেজগাঁও স্টেশন পর্যন্ত যাওয়ার হলেও এর মূল্য ২৭ টাকা। এ কথা শুনে আবদু মিয়া ক্ষেপে যান সহকারী স্টেশন মাস্টারের ওপর। সহকারী স্টেশন মাস্টার তাঁকে বোঝাতে ব্যর্থ হলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে অন্য যাত্রীরা টিকিট পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান এটি ১৯৯০ সালে ছাপানো। বিষয়টি আবদু মিয়াকে বোঝানোর পর তিনি আল্লার কাছে বিচার দিয়ে ট্রেনে ওঠেন।স্টেশন কর্তৃপক্ষ জানান, এ রকম বচসার ঘটনা প্রতিদিনই ঘটছে। ১৯৮৯ সালে ছাপানো শশীদল থেকে ঢাকার একটি টিকিটের মূল্য ২৬ টাকা লেখা থাকলেও বর্তমানে রেলওয়ের নির্ধারিত ভাড়া ৪০ টাকা। তাই যাত্রীদের কাছে বর্তমান মূল্যে টিকিট বিক্রি করতে গিয়ে ঝামেলা পোহাতে হয়। প্রভাষক দেলোয়ার হোসেন বলেন, ১৯৯০ সালের মুদ্রিত টিকিট যাত্রীদের সরবরাহ করা হাস্যকর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে।এ ব্যাপারে সহকারী স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, ‘২০ বছর আগে ছাপানো টিকিট বর্তমানে সরবরাহ করায় প্রায়ই সমস্যা হয়। টিকিটের গায়ে লেখা মূল্য দেখে যাত্রীরা আমাদের অবিশ্বাস করেন। কাউকে বোঝানো যায়, আবার অনেকে বুঝতে চায় না। বর্তমান ভাড়ায় মুদ্রিত টিকিট সরবরাহ করা হলে এ সমস্যা থাকবে না।’স্টেশন মাস্টার মো. নুরুল ইসলাম বলেন, ‘প্রতিবছর প্রতিটি স্টেশনের জন্য টিকিটের চাহিদাপত্র পাঠানো হয়। চাহিদা অনুযায়ী রেল বিভাগ যে টিকিট সরবরাহ করে সেগুলো বিক্রি না হওয়া পর্যন্ত নতুন টিকিট দেয় না। তাই আমরা পুরোনো টিকিট বিক্রি করতে বাধ্য হই।’