২০ বছর ধরে জলাবদ্ধ পূর্ব জুরাইন
আবাসিক এলাকাটিতে নেই কোনো পয়োনিষ্কাশন ও বৃষ্টির পানি অপসারণের সংযোগ লাইন। সড়কের দুপাশে ছোট নালা ও দুটি খালই একমাত্র ভরসা। কিন্তু বিভিন্ন স্থানে নালা ও খাল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ময়লা পানি মাড়িয়েই চলাচল করছে বাসিন্দারা।
এ চিত্র রাজধানীর পূর্ব জুরাইনের। এ এলাকার বিভিন্ন সড়ক প্রায় ২০ বছর ধরে জলাবদ্ধ। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৩ নম্বর ওয়ার্ড ও ডিএনডি বেড়িবাঁধের অন্তর্ভুক্ত। এই এলাকার পানি সরাতে ব্যবহৃত সেচপাম্পটি সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত৷
বাসিন্দাদের অভিযোগ, পূর্ব জুরাইনের চেয়ে দোলাইরপাড়, জুরাইন রেলগেট ও দনিয়া এলাকা আট থেকে ১০ ফুট উঁচু। এতে করে ওই সব এলাকার বাসাবাড়ি ও বৃষ্টির পানি পূর্ব জুরাইনে ঢুকে পড়ে। কিন্তু পূর্ব জুরাইনে যেসব খাল আছে, সেগুলো ভরাট হয়ে গেছে। এতে করে খাল বেয়ে পানি আর শিমরাইল পাম্পের দিকে যেতে পারে না৷ এ কারণে সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা৷
ডিএসসিসির ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নূর হোসেন বলেন, তিতাস ও শ্যামপুর খালটি দখলমুক্ত ও খনন করতে ডিএসসিসির মেয়রের কাছে আবেদন করা হয়েছে। তবে এই পানি অপসারণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। কিন্তু তারা সেচ দিচ্ছেন না। এতে জলাবদ্ধতা ক্রমান্বয়ে বাড়ছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, জুরাইন রেলগেট থেকে পূর্ব জুরাইনে যাতায়াতের প্রধান পথ হাজি খোরশেদ আলী সরদার রোড। এই রোডে প্রায় ১০ থেকে ১৫ ইঞ্চি পরিমাণ কালো পানি জমে রয়েছে। এতে পয়োবর্জ্যসহ বিভিন্ন আবর্জনা ভাসছে। সড়কের নিচু দোকানপাটের ভেতর পানি উঠে গেছে। এ ছাড়া এই রোডের তিতাস খালে আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়েছে। এতে ময়লা পানি সরতে পারছে না। একইভাবে পূর্ব জুরাইনের হাজি কালা মিয়া সরদার রোড, সবুজবাগ, সজীব একতা সংসদ গলি, ইসলামাবাদ (ঋষিপাড়া), জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চবিদ্যালয়, মীরুর বাজার, কমিশনার রোড, ফাজি সরদার রোড, নুরানি মসজিদ রোড, পপি কিন্ডারগার্টেন, বাগান বাড়ি রোড, কাজী নজরুল ইসলাম লেন, আফসার করিম রোড, কলেজ রোড, ওয়াসা রোড জলাবদ্ধ হয়ে রয়েছে।
সবুজবাগের স্থানীয় বাসিন্দা শাহাদাত উল্লাহ বলেন, ১৯৯৮ সালের পর থেকেই এলাকার গড়ে ৮০ শতাংশ সড়কে সারা বছর জলাবদ্ধ হয়ে থাকে। এর সঙ্গে পয়োবর্জ্য মিশে একাকার হয়ে রয়েছে৷ এতে মহল্লার শিশু-কিশোরেরা নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করতে পারে না।
কমিশনার রোডের সাগরিকা টেইলার্সের স্বত্বাধিকারী নাসির হোসেন বলেন, সড়ক থেকে তাঁর দোকান প্রায় আড়াই ফুট উঁচু। অথচ সামান্য বৃষ্টি হলেই ময়লা পানি দোকানে ঢুকে যায়। এ কারণে আশপাশের অনেক দোকানপাট স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ময়লা-আবর্জনা ফেলে পূর্ব জুরাইনের খালগুলো ভরাট করায় পানি সরতে পারে না।