২০ বছর ধরে সরকারি চার প্রতিষ্ঠানের দখলে ছাত্রাবাস
বরিশাল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রাবাসে শিক্ষার্থীরা থাকার সুযোগ পাচ্ছে না। কারণ, ২০ বছর ধরে সরকারি চারটি প্রতিষ্ঠান ছাত্রাবাসটি দখল করে তাদের কার্যক্রম চালাচ্ছে। ছাত্রাবাসটি ছেড়ে দেওয়ার জন্য ওই প্রতিষ্ঠানগুলোকে একাধিকবার চিঠি দিলেও তারা তা ছাড়ছে না।
প্রশিক্ষণ কেন্দ্রের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে কেন্দ্রের ২০০ শিক্ষার্থীর আবাসনের জন্য দুটি ছাত্রাবাস (একটি চারতলা ও একটি দোতলা) ভবন নির্মাণ করা হয়।
শুরুতে শিক্ষার্থীরা এ দুটি ছাত্রাবাসে থাকার সুযোগ পেলেও ১৯৯৩ সালে বরিশাল বিভাগে উন্নীত হওয়ার পর থেকে চারতলা ভবনটি সরকারি চারটি দপ্তর ব্যবহার করা শুরু করে। এই ভবনে পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স কার্যালয়, নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এবং প্রবাসীকল্যাণ ব্যাংকের কার্যালয় রয়েছে।
প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ ইস্কান্দার আলী খান বলেন, ২০ বছর ধরে ছাত্রাবাস ভবনটি সরকারের চারটি দপ্তর ব্যবহার করছে। ভবন ছেড়ে দেওয়ার জন্য তাদের একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু দপ্তরগুলোর পক্ষ থেকে ভবন ছাড়ার কোনো উদ্যোগ নেই। তারা ভবন ব্যবহারের জন্য ভাড়া তো দিচ্ছেই না, বরং চিঠি দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে। ছাত্রাবাস ভবন ওই কেন্দ্রের নিয়ন্ত্রণে না থাকায় প্রতিবছর বিদেশ গমনে-ইচ্ছুক ১০০ নারীর প্রশিক্ষণ বন্ধ রাখতে হয়েছে। কেন্দ্রের গাড়ির গ্যারেজটি নির্বাচন কমিশন ব্যবহার করায় চালক প্রশিক্ষণ কোর্সের গাড়ি খোলা জায়গায় রাখতে হচ্ছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন ছাত্রাবাসের মিলনায়তনটি তালাবদ্ধ করে রেখেছে। মিলনায়তন সংস্কারের জন্য সাত লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও তালাবদ্ধ থাকায় এটি সংস্কার করাও সম্ভব হচ্ছে না।
ওই ভবনে গিয়ে দেখা গেছে, বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের নিয়ন্ত্রণে রয়েছে দোতলার চারটি কক্ষ, মিলনায়তন ও কেন্দ্রের গাড়ির গ্যারেজ। তৃতীয় তলার ছয়টি কক্ষ ব্যবহার করা হচ্ছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় হিসেবে। নিচতলা ও দোতলার কয়েকটি কক্ষ ব্যবহার করছে পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স। ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের বাসগৃহসহ নিচতলার দুটি কক্ষ ব্যবহার করছে প্রবাসীকল্যাণ ব্যাংক।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উপপরিচালক মোসতাক আল মেহেদী বলেন, সরকারের পক্ষ থেকে স্থায়ী ব্যবস্থা না থাকায় অনিচ্ছা সত্ত্বেও এই ভবন ব্যবহার করতে হচ্ছে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা মোস্তফা ফারুকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
কার্যালয়ের স্টেনোগ্রাফার সেলিম রেজা বলেন, নিজস্ব ভবন নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হয়েছে। ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত এখানে কাজ চালাতে হবে। কমিশনের মালামাল রাখার জায়গা না থাকায় মিলনায়তনটি ব্যবহার করা হচ্ছে।
রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার কাজী মোরতাজ আহমেদ বলেন, ‘এখানে শুধু প্রশাসনিক কাজ করা হচ্ছে। আমাদের ব্যারাক নির্মাণ হলেই প্রশাসনিক কর্মকাণ্ড সেখানে স্থানান্তর করা হবে।’
প্রবাসীকল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সৈয়দ মেহেদী হাসান বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে আমরা এই ভবন ব্যবহার করছি। মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া আমাদের পক্ষে শাখা স্থানান্তর করা সম্ভব নয়।’