২০ বছর না যেতেই ভবন ঝুঁকিপূর্ণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয় ভবনের বারান্দার িপলারের ঢালাই খসে রড বেরিয়ে পড়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বিদ্যালয় ভবনের বারান্দার িপলারের ঢালাই খসে রড বেরিয়ে পড়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

নির্মাণের ২০ বছর না যেতেই ভবনের পিলার, ছাদের ঢালাই, দেয়ালের আস্তর খসে পড়ছে। এতে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। ভবনের জীর্ণ দশায় আতঙ্কে রয়েছেন শিক্ষকেরা।
বিদ্যালয়ে ভবন রয়েছে দুটি। এর একটি নির্মাণ করা হয়েছে ১৯৯৬ সালে, অপরটি ২০১৫ সালে। ৯৬ সালে নির্মাণ করা একতলা ভবনে চারটি কক্ষ রয়েছে। এর মধ্যে শ্রেণিকক্ষ তিনটি। জীর্ণ দশার কারণে একটি শ্রেণিকক্ষ ও একটি অফিসকক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি দুটি কক্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঠদান চলে। এই চার শ্রেণির শিক্ষার্থী প্রায় সাড়ে তিন শ। বিদ্যালয়টির মোট শিক্ষার্থী ৪৫৮।
২০১৫ সালে নির্মাণ করা দুই কক্ষের ভবনটির একটি কক্ষে পঞ্চম শ্রেণির পাঠদান করা হয়। অপর কক্ষ বিদ্যালয়ের অফিসকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। নতুন এই ভবনের নির্মাণকাজও মানসম্মত হয়নি বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাঁরা জানিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, ২০১৫ সালে নির্মাণ করা ভবনের স্থায়িত্ব ৪০-৫০ বছর হবে বলে তখন প্রকৌশল অধিদপ্তর থেকে বলা হয়েছিল।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ভবনের ঢালাই খসে পড়ার কোনো ঘটনা ঘটে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণার জন্য ২০১৩ সালের ৬ জুন বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন। কিন্তু ভবনটি আজও পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে রেখে পাঠদান করাতে হচ্ছে। তিনি বলেন, বিদ্যালয়ের একমাত্র শোচাগারটিও ব্যবহার অনুপযোগী।
পশ্চিম মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন বলে জানান সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন শেখ। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ২০১৫ সালে নির্মাণ করা ভবনটিতেও নানা ত্রুটি দেখা দিয়েছে বলে স্বীকার করেন তিনি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিমা বেগম বলেন, মাসখানেক আগে তৃতীয় শ্রেণির পাঠদান চলাকালে হঠাৎ দেয়ালের পলেস্তারা খসে পড়ে। অল্পের জন্য ওই স্থানে বসা শিক্ষার্থীরা রক্ষা পায়।