২০ বছর পর
রুস্তমকে ভাই বলে চিৎকার করে জড়িয়ে ধরে রফিকুল ইসলামের আনন্দের কান্না। ফ্যালফ্যাল করে রুস্তমের চেয়ে থাকা। কিছুক্ষণ পর ভাই, ভাই বলে তাঁরও কান্না। প্রায় ২০ বছর পর গত শনিবার মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দুই ভাইয়ের দেখা হওয়ার এই আবেগঘন মুহূর্তে উপস্থিত কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। শনিবার তাঁরা ময়মনসিংহের নান্দাইল উপজেলার চকমতি গ্রামে নিজ বাড়িতে ফিরে গেছেন।রুস্তমকে নিয়ে বাড়ি যাওয়ার সময় বড় ভাই রফিকুল ইসলাম (৪৮) জানান, ২০ বছর আগে ২৬ বছরের যুবক রুস্তম আলী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তিনি হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। তাঁর স্ত্রী এবং এক মেয়ে আছে। আট বছর আগে রুস্তমের মা-বাবা মারা যান। রুস্তম নিরুদ্দেশ হওয়ার সময় তাঁর মেয়ে কানিজা ফাতেমার বয়স ছিল তিন বছর। এখন কানিজা এক সন্তানের মা। মেয়ে ও নাতনিসহ পরিবারের অনেকের কাছেই রুস্তম এখন অচেনা মুখ। ভাইকে নিতে রফিকুলের সঙ্গে তাঁর চাচাতো ভাই ইউনুচ আলী, জিয়াউল হাসান, কামরুল ইসলামও মেহেরপুর এসেছিলেন। মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী আবদুস সবুর জানান, মাস ছয়েক আগে রুস্তমকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘোরাঘুরি করতে দেখেন। তিনি কম কথা বলতেন। একদিন সবুর তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করলে রুস্তম নিজের নাম ছাড়া কিছুই বলতে পারেননি। এরপর থেকে তিনি প্রায় রুস্তমকে ডেকে কিছু খাইয়ে ভাব জমাতেন। ১০ দিন আগে রুস্তম কথা প্রসঙ্গে একপর্যায়ে তাঁর ঠিকানা জানান। এরপর সবুর টেলিফোনে নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তাঁর মাধ্যমে রুস্তমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।